ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় দায়ের করা দু' মামলায় বুধবার তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বুধবার আশুলিয়া থানা পুলিশ তাদের তিনজনকে হাজির করলে আদালত এ আদেশ দেয়। এদের মধ্যে দু'জনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছে আদালত।
গত ২৭ থেকে ২৯ জুন আশুলিয়ায় শ্রমিক নিহত হওয়া, বিক্ষোভ, সংঘর্ষ, কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দু'টি মামলা দায়ের করে পুলিশ। এর মধ্যে একটি হত্যা ও অন্যটি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা হয়।
হত্যা মামলায় সন্দেহভাজন মো. মোকসেদ ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে বুধবার বিকেলে ঢাকার মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে নেওয়া হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল তাদের ওই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতে দেওয়ার আবেদন করেন। শুনানি শেষে হাকিম শাহরিয়ার আরফাত তাদেরকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন।
একই হাকিম ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় সন্দেহভাজন মো. হেলালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এসময় তার জামিনের আবেদন নামঞ্জুর করা হয়। হাসপাতাল থেকে আদালতে হাজির করা হয় হেলালকে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জিএমএ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24