২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুল হুদা-কামারুজ্জামানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

বিএনপি নেতা নাজমুল হুদা এবং জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 07:59 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা নাজমুল হুদা এবং জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে। স্বাধীনতার ঘোষণা নিয়ে হাইকোর্টের রায়ের প্রতি বিরূপ মন্তব্য করার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে বুধবার বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চে মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম জাফর সাদী। এতে অভিযোগ করা হয়েছে, হাইকোর্টের রায়কে 'ব্যক্তিগত' রায় এবং 'উদ্দেশ্যপ্রণোদিত' বলে যে মন্তব্য তারা করেছেন, তা আদালত অবমাননার শামিল। গত ৩০ জুন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত বিএনপির সহসভাপতি নাজমুল হুদা এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বক্তব্য ধরে এ মামলা হয়েছে। গত ২৯ জুন জাতীয় প্রেসক্লাবে 'স্বাধীনতার ঘোষক বিতর্ক এবং হাইকোর্টের রায়' শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন নাজমুল হুদা ও কামারুজ্জামান। বিভিন্ন পত্রিকায় নাজমুল হুদার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত সংবাদে বলা হয়, "আদালত যদি ব্যক্তি হিসেবে রায় দেন, তবে তা আমরা মানতে পারি না।" কামারুজ্জামানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, "এ রায়ে বিচারকের ভাষা ছিল একজন বিক্ষুব্ধ রাজনৈতিক নেতার মতো।" হাইকোর্ট গত ২১ জুন রায়ে বলে, জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক। মুক্তিযোদ্ধা এমএ সালামের দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই রায় হয়। আদালত জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উপস্থাপন করে প্রকাশিত 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দলিলপত্র'-এর তৃতীয় খণ্ড বাতিল ঘোষণা করে। একইসঙ্গে খণ্ডটি দেশ-বিদেশের সব স্থান থেকে বাজেয়াপ্ত ও প্রত্যাহারেরও নির্দেশ দেওয়া হয়। ওই রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আদালত অবমাননা করেছেন- এ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের বিরুদ্ধেও হাইকোর্টে গত ২৪ জুন অভিযোগ দায়ের হয়। হাইকোর্ট বৃহস্পতিবার (২ জুলাই) অধ্যাপক এমাজউদ্দীনকে আদালতে হাজির হতে বলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৪১৯ ঘ.