২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আদিবাসী পল্লীতে মেজরসহ বিডিআর দল ৫ ঘণ্টা অবরুদ্ধ

সাদা পোশাকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধারে গিয়ে বিডিআরের এক মেজরসহ ১৩ জন সোমবার রাতে পাঁচ ঘণ্টা আটক ছিলেন স্থানীয় জনতার হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 06:27 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

রংপুর, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাদা পোশাকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধারে গিয়ে বিডিআরের এক মেজরসহ ১৩ জন সোমবার রাতে পাঁচ ঘণ্টা আটক ছিলেন স্থানীয় জনতার হাতে। মঙ্গলবার সকালে এলাবাসীর সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে। পীরগঞ্জ উপজেলার খালিশা মিশন আদিবাসী এলাকায় এ ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তফা জানান, কষ্টি পাথরের মূর্তি পাচারের খবর পেয়ে রংপুর বিডিআর সেক্টর হেড কোয়ার্টারের অধীন ৩৪ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক মেজর সাইফুল হকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি বিডিআর দল দু'টি পিক আপ নিয়ে সোমবার গভীর রাতে খালিশা মিশন এলাকায় যায়। সন্দেহ হওয়ায় সাদা পোশাকের এ দলটিকে আদিবাসী পল্লীর লোকজন আটকে রাখে। খবর পেয়ে ভেন্ডা বাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র থেকে একদল পুলিশ গিয়ে তাদের উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে পীরগঞ্জ থানা থেকে পুলিশ গিয়ে এলাকাবাসীর সহায়তায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের উদ্ধার করে। এ ঘটনায় পীরগঞ্জ থানার ওসি বাদী হয়ে একটি সাধারণ ডায়রি করেছেন। মেজর সাইফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভুল তথ্যের ভিত্তিতে তারা ওখানে গিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩০ ঘ.