সাতক্ষীরা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরায় বোমা হামলা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) 'বোমা বিশেষজ্ঞ' জাহিদুল ইসলাম সুমনকে সাতদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
জাহিদুল ইসলাম সুমন বোমারু মিজান নামেও পরিচিত।
সাতক্ষীরার মুখ্য বিচারিক আদালতে মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আমির হোসেন ১০দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি চান।
কিন্তু বিচারক এ এইচ এম শামসুল আরেফিন সাতদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে র্যাব ও সিআইডির একটি দল ঢাকার টিএফআই সেল থেকে বোমারু মিজানকে সাতক্ষীরা আদালতে নিয়ে আসে।
আদালতের উপ-পরিদর্শক মকবুল হোসেন জানান, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সাতক্ষীরার রক্সি সিনেমা হল ও একটি সার্কাস প্যান্ডেলে বোমা হামলা চালানো হয়। এতে নিহত হন ডাঃ সেলিনা পারভিন, মেবতাউল ইসলাম মুক্ত ও হাফিজুর রহমান পিনু নামের তিনজন। আহত হন এক শ'রও বেশি।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় পৃথক দু'টি মামলা দায়ের করা হয়।
হামলার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সাতক্ষীরার পৌর কমিশনার মোমিন উল্লাহ মোহন ও কমিশনার আব্দুস সেলিমসহ ৮ জনকে আটক করে।
পরে মামলা দু'টির তদন্ত সিআইডির কাছে হস্তান্তর করা হয়।
তদন্ত শেষে সাতক্ষীরার তৎকালীন সিআইডি পরিদর্শক মাওলা বক্স সার্কাস প্যান্ডেলে বোমা হামলা মামলায় ২০০৪ সালের ২৫ জানুয়ারি ও রক্সি সিনেমা হলে বোমা হামলা মামলায় ২৯ মার্চ আদালতে চুড়ান্ত রিপোর্ট (ফাইনাল রিপোর্ট) দাখিল করেন।
তবে আদালত চুড়ান্ত রিপোর্ট গ্রহণ না করে মামলাটি আবারও তদন্তের নির্দেশ দেন।
মকবুল হোসেন জানান, টিএফআই সেলে বোমারু মিজানকে জিঞ্জাসাবাদকালে সাতক্ষীরা সদর থানায় দায়ের করা মামলায় শ্যোন অ্যারেষ্ট দেখিয়ে সাতক্ষীরা আনা হয়।
বোমারু মিজান বর্তমানে সাতক্ষীরা জেলা কারাগারে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১০০ ঘ.
bdnews24