ঢাকা জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কামরাঙ্গীরচরের হত্যা মামলার পলাতক আসামি সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা মনির হোসেনকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে সকাল সাড়ে সাতটায় মধ্য বাড্ডার একটি বাসা থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়।"
তিনি জানান, এ সময় তার কাছ থেকে ১১ রাউন্ড গুলিসহ ঘটনার সময় ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করা হয়েছে।
গত ৯ জুন বিভিন্ন দাবি আদায়ে জনতা মনির হোসেনকে ঘেরাও করলে তিনি নিজের আগ্নেয়াস্ত্র বের করে কয়েক রাউন্ড গুলি করেন। এতে ঘটনাস্থলে হাসান (১৮) নামের এক কিশোর নিহত হন। গুলিবিদ্ধ হন আরও তিনজন। ঘটনার পর মনির পালিয়ে যান।
এ ঘটনায় মনির চেয়ারম্যানকে আসামি করে কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা হয়।
মনির গোয়েন্দা কার্যালয়ে সাংবাদিকদের জানান, উত্তেজনাকর পরিস্থিতিতে লোকজনকে সরানোর জন্য তিনি ফাঁকা গুলি করেছিলেন। তার কাউকে হত্যা করার উদ্দেশ্য ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/এজে/১৪৫৬ ঘ.
bdnews24