পিরোজপুর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -পিরোজপুর জেলার শাঁখারীকাঠী গ্রামে শনিবার থেকে স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও পশুসম্পদ পরামর্শ কেন্দ্র চালু করা হয়েছে।
স্থানীয় শরৎ স্মৃতি সংসদ ও পাঠাগারের পরিচালনায় এ কেন্দ্রের আওতায় প্রতিমাসের শেষ শুক্রবার স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও পশুসম্পদ বিষয়ে সেবা প্রদান করা হবে।
বরিশালের সিভিল সার্জন ডা. শামসুল হক শনিবার এ পরামর্শ কেন্দ্রের উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শাঁখারীকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ গাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. যোগেশ মণ্ডল, কৃষি কর্মকর্তা অসিত বরণ সাহা, মৎস্য কর্মকর্তা জি এম সেলিম, পশুসম্পদ কর্মকর্তা বাদল কৃষ্ণ হালদার প্রমুখ।
সেবা কার্যক্রমের আওতায় উদ্বোধনী দিনেও দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ছাত্রছাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক ক্লাশ, কৃষক ও মৎস্য খামারীদের উদ্বুদ্ধকরণ সভা এবং বেশকিছু গবাদি পশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/ডিডি/১১৫৯ ঘ.
bdnews24