সাভার (ঢাকা), জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনসারের গুলিতে একজন নিহত হওয়ার এক দিন পর রোববার সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে আরও এক পোশাক শ্রমিক।
আশুলিয়া থানায় শনিবার গভীর রাতে আনসার ও পুলিশ বাদী হয়ে পৃথক দু'টি মামলা করেছে। পুলিশের মামলার আসামি ৩ আনসার সদস্যকে ক্লোজ করে আনসার হেডকোয়ার্টারের জিম্মায় দেওয়া হয়েছে।
ওপেক্স গামের্ন্টসের আহত শ্রমিক মিজানুর রহমানকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আধুলিয়া থানার উপ-পরিদর্শক রুজুল আমিন বলেন, এ ঘটনায় ঢাকার অতিরিক্ত পুলিশ সুপারনিটেনডেন্ট ইমাম হোসেন, সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আব্দুস সালাম, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন, উপ-পরিদর্শক ইলিয়াছ হোসেন, আব্দুস সালাম, মুরাদ হোসেন, মোস্তফা কামাল, হাফিজ উদ্দিন, আর্মড উপ-পরিদর্শক মো. সেলিম, সহকারী উপ-পরিদর্শক রফিকুল ইসলাম, ধামরাই থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম মিয়া, আর্মড পুলিশ কনস্টেবল মারুফ হোসেনসহ ৪০জন পুলিশ সদস্য, সাংবাদিক জাভেদ মোস্তফা, তৌহিদুল ইসলাম, নজরুল ইসলাম মানিক এবং শ্রমিক ও পথচারীসহ প্রায় ২শ' ব্যক্তি আহত হয়েছেন।
সহকর্মী নিহতের প্রতিবাদে রোববার সকালে আশুলিয়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল সড়কে নেমে আসে কয়েক হাজার পোশাক শ্রমিক। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।
সংঘর্ষের কারণে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ওই সড়কে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ ছিল।
শনিবার জামগড়া এলাকার এসসুহি ইন্ড্রাস্টিয়াল পার্কে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর আনসার সদস্যরা গুলি চালালে আল আমিন নামে এক শ্রমিক নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাভার প্রতিনিধি জানান, সহকর্মী নিহতের ঘটনায় সকাল ৯টার দিকে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকার বিভিন্ন পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।
শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি এবং আশপাশের দোকান-পাট ভাংচুর শুরু করলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে।
পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে শতাধিক আহত হয়েছে বলে স্থানীয়রা জানায়। শ্রমিকদের অভিযোগ, পুলিশ গুলিও ছুড়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার ইকবাল বাহার দুপুরে ঘটনাস্থলে যান।
তিনি সাংবাদিকদের জানান, ঘটনাস্থলের কাছে শিমুলতলী এলাকায় এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের পরিচয় পাওয়া যায়নি।
লাশটি দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঢামেক হাসপাতাল প্রতিনিধি।
এটি নিয়ে আসেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আহমেদ। তিনি সাংবাদিকদের জানান, নিহতের মাথায় রক্তাক্ত জখম আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘর্ষের সময় ইটের আঘাত লেগেছে।
কয়েক দফা সংঘর্ষের পর বেলা আড়াইটার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলে ওই সড়কে গাড়ি চলাচল শুরু হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় শনিবার গভীর রাতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক খন্দকার সামসুজ্জামান বাদী হয়ে আনসারের সহকারী প্লাটুন কমান্ডার রহমত আলী (২৫), সদস্য সিহাব মোল্লা (২৭) ও মো. শাহজাহানকে (২৬) আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সেকান্দার আলী জানান, মামলার আসামি ৩ আনসার সদস্যকে ক্লোজ করে আনসার সদর দপ্তরে পাঠানো হয়েছে।
এ ছাড়া আনসার ক্যাম্পে অগ্নিসংযোগ, লুটপাট ও মারধরের ঘটনায় আনসারের প্লাটুন কমান্ডার মো. মেহের আলী বাদী হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা ৫/৬ শ' শ্রমিককে আসামি করে একটি মামলা দায়ের করেন বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/জিএমএ/এমইউএস/এমআই/ডিডি/২২০৮ ঘ.
bdnews24