২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জরুরি: দীপু মনি

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, "উন্নয়ন এবং শান্তি রক্ষায় প্রতিবেশী দেশ বিশেষ করে ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা অত্যন্ত জরুরি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 05:42 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

শিহাবউদ্দিন কিসলু, নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, "উন্নয়ন এবং শান্তি রক্ষায় প্রতিবেশী দেশ বিশেষ করে ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা অত্যন্ত জরুরি।" শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশনে এক সংবাদ সম্মেলনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। বাংলাদেশের পররাষ্ট্র নীতির বিষয়ে তিনি বলেন, সংবিধান বর্ণিত নীতিমালার আওতায় পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের জীবন মানের উন্নয়ন তথা সার্বিক উন্নয়নই বাংলাদেশ সরকারের পররাষ্ট্র নীতির মূল বিষয়। দীপু মনি বলেন, বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক জোট আসিয়ান এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারে। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বন্দি বিনিময় চুক্তিটি এখনও আলোচনাধীন। টিপাইমুখ বাঁধের বিষয়ে তিনি বলেন, ভারতের দেওয়া এ সংক্রান্ত তথ্য-উপাত্ত সংসদীয় কমিটি বিচার-বিশ্লেষন করছে। সরকার সিদ্ধান্ত নিলে তা জনসমক্ষে প্রকাশ করা হবে। যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবসহ সংস্থার আইন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে জাতিসংঘ মহাসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনীতিকরা হস্তক্ষেপ করছে বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে দীপু মনি বলেন, "কখনও কখনও সাংবাদিকরা এমন পরিস্থিতি তৈরি করেন যে কূটনীতিকরা এমন মন্তব্য করে ফেলেন। তবে এমন পরিস্থিতির জন্য শুধু সাংবাদিকরা নয়, কূটনীতিক এবং আমরা রাজনীতিবিদরাও সমান দায়ী।" জঙ্গিবাদ বিষয়ে তিনি বলেন, এটি কেবল বাংলাদেশের নয়, আঞ্চলিক সমস্যা। বাংলাদেশে জঙ্গি দমনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। মন্দার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতির আর অবনতি না হলে বাংলাদেশ ভালোভাবেই মন্দা মোকাবেলায় সক্ষম হবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রবাসী অনেক শ্রমিক দেশে ফিরলেও এর চেয়ে বেশি শ্রমিক বিদেশ গেছে। এটি সংবাদ মাধ্যমগুলোরও তুলে ধরা উচিত। সরকার নতুন নতুন শ্রমবাজার খুঁজে বের করছে। লেখক তসলিমা নাসরিনের দেশে ফেরার বিষয়ে সরকারের দিক থেকে কোনও বাধা নেই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে একইসঙ্গে তিনি বলেন, তার (তসলিমা) নিরাপত্তার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। সদ্য অবসরে যাওয়া সেনাপ্রধান মইন উ আহমেদ জাতিসংঘে বাংলাদেশের দূত হিসেবে নিয়োগ পাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশ হয়েছে, সে বিষয়ে দীপু মনি বলেন, এ সংক্রান্ত কোনও তথ্য আমার জানা নেই। দীপু মনি বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা সংসদ, নিউ ইয়র্ক শাখার দেওয়া এক সংবর্ধনা সভায় যোগ দেন। শুক্রবার তিনি কুমিল্লা-চাঁদপুর সমিতির দেওয়া আরেকটি সংবর্ধনা সভায় অংশ নেন। বিশ্বের আর্থিক সঙ্কট এবং উন্নয়নে এর প্রভাব বিষয়ক জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে গত ২৪ জুন দীপু মনি যুক্তরাষ্ট্রে যান। সেদিনই তিনি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। আগামী ৩০ জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১৪৭ ঘ.