ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর অদূরে আশুলিয়া এলাকায় শুক্রবার দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি'র সহযোগী প্রযোজক তানভীর জে এহসান (২৫) নিহত হয়েছেন।
দুপুর ১২টার দিকে দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন। ময়না তদন্তের জন্য বিকেলে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তাকে উদ্ধারকারী স্থানীয় বাসিন্দা মো. সানাউল্লাহ জানান, আশুলিয়ায় একটি অনুষ্ঠান নির্মাণের কাজ শেষে মোটরসাইকেলে করে ঢাকায় ফিরছিলেন তানভীর। রুস্তমপুর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খান।
তানভীরের গ্রামের বাড়ি পাবনার সাধুপাড়ায়। তিনি ঢাকা কলাবাগানের ৬৩/৩ লেক সার্কাস রোডের ভাড়া বাসায় থাকতেন।
দুর্ঘটনার বিষয়টি আশুলিয়া থানা পুলিশ অবগত নয় বলে জানিয়েছেন উপ-পরিদর্শক তানসেন চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/২০১৩ ঘ.
bdnews24