চাঁদপুর, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জের ধরে চাঁদপুর জেলা শহরে কালু শেখ (৭০) নামের এক বৃদ্ধকে শুক্রবার ভোরে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে চিকিৎসক বলছেন, উত্তেজনার কারণে হৃদরোগেও তার মৃত্যু হতে পারে।
কালু শেখের ছেলে জিলানী শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের বিষ্ণুদী মোল্লা বাড়ি রোড এলাকার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে প্রতিবেশী এক পরিবারের সঙ্গে বিরোধ ছিল।
তিনি বলেন, "শুক্রবার ভোর ৪টার দিকে এলাকায় ওই জমিতে প্রতিপক্ষের লোকজন ঘর তুলতে গেলে আমরা বাধা দিই। ওই সময় প্রতিপেক্ষের লোকজন আমাদের মারধর করে। এতে আহত বাবাকে চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালে (বেসরকারি) নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি মৃত।"
হাসপাতালের চিকিৎসক নাজমুল হাসান বলেন, "হাসপাতালে আনার আগেই কালু শেখের মৃত্যু হয়েছে। শরীরে তেমন কোনও আঘাতের চিহ্ন ছিল না। উত্তেজিত হওয়ায় স্ট্রোকের কারণে তার মৃত্যু হতে পারে।"
তবে ময়নাতদন্ত করলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে নাজমুল জানান।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী জসিম উদ্দিন জানান, এ ঘটনায় একটি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
তবে এ ঘটনায় দুপুর পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩০৬ ঘ.
bdnews24