ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফারকের আলাদা দুটি মামলার অধিকতর তদন্তের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ ।
বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মাসদার হোসেনের কাছে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রধান সৈয়দ রেজাউর রহমান এ আবেদন করেন।
বিচারক ১ জুলাই এ আবেদনের ওপর শুনানির দিন নির্ধারণ করেছেন। রাষ্ট্রপক্ষের ৬১ জন সাক্ষী ইতিমধ্যে এ মামলায় সাক্ষ্য দিয়েছেন।
বিচারক সকাল সাড়ে দশটায় তার আসনে বসামাত্র রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী রেজাউর রহমান মামলাদুটি অধিকতর তদন্তের আবেদন জানান।
এতে বলা হয়, হামলায় ব্যাবহৃত বিশেষ ধরনের ওই গ্রেনেড সংগ্রহ ও সরবরাহের বিষয়ে বিস্তারিত কোন তদন্ত হয়নি। এ কারণে গ্রেনেড সংগ্রহ ও সরবরাহে জড়িত বিশেষজ্ঞ পর্যায়ের ও ক্ষমতাবান লোকজন এই তদন্ত ও বিচার কাজের আওতার বাইরে রয়ে গেছে। তাই মামলাটির অধিকতর তদন্ত হওয়া প্রয়োজন।
মামলায় আসামি পক্ষের অন্যতম আইনজীবী আমিনুল গনি টিটো এ সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রপক্ষ এতদিন পর অধিকতর তদন্তের আবেদন করেছে, যা বিস্ময়কর ও হাস্যকর।"
২০০৪ সালের ২১ আগস্টের ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানসহ কমপক্ষে ২৩ জন নিহত হন। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শত শত মানুষ আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24