পাবনা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনা সদর উপজেলায় বৃহস্পতিবার বিকেলে অস্ত্রসহ 'চরমপন্থী' দলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার করা মনসুর আলী (৫০) 'বাহিনী' নামে কথিত চরমপন্থী সংগঠনের দ্বিতীয় শীর্ষ নেতা। তার কাছ থেকে একটি বিদেশি বন্দুক এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিকেল ৬টায় শহরের উপকন্ঠে স্টেডিয়াম এলাকায় র্যাব-১২ পাবনা ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অধিনায়ক ফ্লাইট লেফট্যানেন্ট আহমেদ ফয়সল জান বলেন, বুধবার সদর উপজেলার কুচিয়ামারা গ্রামের আজিজ মুন্সীকে (৫০) অস্ত্রের মুখে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ চায় সন্ত্রাসীরা।
আজিজের ছেলে কামাল হোসেন বিষয়টি জানালে র্যাবের একটি দল তাকে উদ্ধারে অভিযান চালায়। অভিযানের সময় র্যাব ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা আজিজকে রেখে পালিয়ে যায়।
বন্দুকযুদ্ধে র্যাব সদস্য সৈয়দ সাইফুল্লাহ (৩২) আহত হন বলে ফ্লাইট লে. ফয়সল দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৭ ঘ.
bdnews24