২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য ভূমি কমিশন গঠনের ঘোষণা আগামী সপ্তাহে

পার্বত্য চট্টগ্রাম এলাকার ভূমি সমস্যার সমাধান, ভূমি জরিপ কার্যক্রম পরিচালনা ও ভূমি মালিকানা নির্ধারণে অবসরপ্রাপ্ত বিচারপতি খাদেমুল ইসলামকে চেয়ারম্যান করে পার্বত্য ভূমি কমিশন গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে ভূমি মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 11:45 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম এলাকার ভূমি সমস্যার সমাধান, ভূমি জরিপ কার্যক্রম পরিচালনা ও ভূমি মালিকানা নির্ধারণে অবসরপ্রাপ্ত বিচারপতি খাদেমুল ইসলামকে চেয়ারম্যান করে পার্বত্য ভূমি কমিশন গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে ভূমি মন্ত্রণালয়। আগামী সপ্তাহের মধ্যে ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে পার্বত্য ভূমি কমিশন গঠন ও ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভূমি সচিব দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার তার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ তিনটি সংবাদ মাধ্যমের সাংবাদিককে তিনি একথা জানান। ভূমি সচিব বলেন, "পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিচারপতি খাদেমুল ইসলামকে পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান করার প্রস্তাব করা হয়েছে। তাদের প্রস্তাব অনুযায়ী ভূমি মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তুতি চূড়ান্ত করেছে। আগামী সপ্তাহে গেজেট প্রকাশ করা হবে।" তিনি জানান, পার্বত্য ভূমি কমিশনের সচিব হিসেবে আদিবাসী একজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে নিয়োগ করার প্রক্রিয়া চলছে। এজন্য দক্ষ ও যোগ্য বিচার বিভাগীয় আদিবাসী কর্মকর্তা খোঁজা হচ্ছে। কমিশনের সদস্য হিসেবে তিনটি পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানসহ আরও কয়েকজন সদস্য নিয়োগ করা হবে। তবে অন্য সদস্য নিয়োগের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। সচিব দেলোয়ার হোসেন জানান, গত ২-৩শ' বছর ধরে পার্বত্য এলাকায় কোনও ভূমি জরিপ হয়নি। পার্বত্য এলাকার ভূমি মালিকানা নিয়ে সমস্যারও সমাধান হয়নি। তিনি জানান, ১৯৮৪ সালে পার্বত্য এলাকার ভূমি মালিকানা ও জরিপের জন্য একটি আইন করা হয়েছে। ওই আইনের ভিত্তিতেই ভূমি কমিশন তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির একটি অন্যতম অংশ ছিল পার্বত্য ভূমি কমিশন গঠন। এই কমিশন গঠনের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত সে শর্ত পূরণ হবে বলে মনে করছেন ভূমি সচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এইচএ/১৭৫০ ঘ.