২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রমাণ করব, আইনের ঊর্ধ্বে কেউই নয়: নতুন দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে গোলাম রহমান বুধবার বলেছেন, প্রতিষ্ঠানটি প্রমাণ করবে কেউই আইনের ঊর্ধ্বে নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 07:52 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে গোলাম রহমান বুধবার বলেছেন, প্রতিষ্ঠানটি প্রমাণ করবে কেউই আইনের ঊর্ধ্বে নয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতিবিরোধী অভিযানে নিজের সমর্থনের কথাও জানাল নতুন চেয়ারম্যান। দুর্নীতি দমনে আপসহীন থাকার কথা জানিয়ে গোলাম রহমান একইসঙ্গে বলেছেন, দুদক কারও দুর্ভোগের কারণ হবে না। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর বিরুদ্ধে দুদকের আনা অভিযোগের ভবিষ্যতের বিষয়ে তিনি বলেন, জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে। গত ৩০ এপ্রিল নিয়োগ দেওয়া হলেও আনুষ্ঠানিকভাবে বুধবারই কাজে যোগ দেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গোলাম রহমান। দায়িত্ব নেওয়ার পর তিনি দুদক কার্যালয়ে সাংবাদিকদের বলেন, যারাই দুর্নীতি করবে আইন অনুযায়ী তাদের শাস্তি পেতে হবে। গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতি বিরোধী অভিযানের নামে বাড়াবাড়ি হয়েছে কি না- প্রশ্ন করা হলে গোলাম রহমান বলেন, "অনেকেই তা মনে করেন। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, নানা পেশার কিছু মানুষ মনে করত তারা আইনের ঊর্র্ধ্বে, কিন্তু দুদক বুঝিয়ে দিয়েছে আসলে তা নয়। এখনও কেউ কেউ মনে করছে তারা আইনের ঊর্র্ধ্বে। আমরা প্রমাণ করব কেউই আইনের ঊর্ধ্বে নয়।" ওই সময় (তত্ত্বাবধায়ক সরকারের কাল) একটি 'ঝাঁকুনি' দরকার ছিল মন্তব্য করে তিনি বলেন, "দুর্নীতির সঙ্গে কোনও আপস করা হবে না। সব চাপের ঊর্ধ্বে থেকে আমি কাজ করব। অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনও কাজ করব না। তবে দুদক কারও দুর্ভোগের কারণ হবে না।" তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরুদ্ধে দুদক যে সব অভিযোগ করেছিল সে বিষয়ে কী হবে- জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, "জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে।" দুর্নীতিবিরোধী অভিযানের নামে হয়রানি হয়েছে বলে বেশ কয়েকজন রাজনীতিবিদের অভিযোগের বিষয়ে গোলাম রহমান বলেন, "তারা যে অন্যায়ের শিকার হয়েছেন, তা প্রমাণ করতে হবে। আর দুদক যে অভিযোগ তাদের বিরুদ্ধে এনেছে তা সঠিক কি না, আদালতে তা প্রমাণ হবে।" রাজনৈতিক হয়রানিমূলক মামলার নামে দুদকের করা মামলাগুলো প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, "এক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কারও প্রতি অন্যায় হলে সেটাও বিবেচনা করা হবে।" মামলা প্রত্যাহারের যেসব সুপারিশ করা হয়েছে সবই সরকারি দলের পক্ষ থেকে। বিরোধী দলের কী হবে- জানতে চাইলে গোলাম রহমান বলেন, "আমার কাছে যেগুলো আসবে সেগুলো সবই বিবেচনা করা হবে।" গত ৩০ এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানকে আনুষ্ঠানিকভাবে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। ওই সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। দেশে ফিরে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতির জন্য তিনি রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে আবেদন করেন। নিয়ম অনুযায়ী চাকরি থেকে অব্যহতির এক মাস আগে আবেদন করতে হয়। সে অনুযায়ী গত ২৩ জুন পর্যন্ত এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন গোলাম রহমান। গত ২ এপ্রিল দুদকের চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেন হাসান মশহুদ চৌধুরী। গোলাম রহমান সচিব হিসেবে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার কয়েক বছর পর বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তিনি তার কর্মজীবন শুরু করেন শিক্ষক হিসেবে। ষাটের দশকের শেষের দিকে গোলাম রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এমআই/১৩৫৩ ঘ.