২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী আশ্রয় কেন্দ্র নির্মাণে আন্তর্জাতিক সাহায্যের আহ্বান রাজ্জাকের

দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় এলাকায় দীর্ঘ মেয়াদী ও স্থায়ী আশ্রয় কেন্দ্র নির্মাণে আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি প্রতিনিধি দল মঙ্গলবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করলে তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় এলাকায় দীর্ঘ মেয়াদী ও স্থায়ী আশ্রয় কেন্দ্র নির্মাণে আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি প্রতিনিধি দল মঙ্গলবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করলে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়ন। আব্দুর রাজ্জাক বলেন, উপকূলীয় এলাকার বাঁধগুলো প্রাথমিকভাবে মেরামত করা হয়েছে। তবে এগুলোকে আরও মজবুত করতে হবে। এছাড়া উপকূলীয় এলাকায় আরও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন বলেও মত দেন তিনি। খাদ্য সচিব মোখলেছুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। সাক্ষাতকালে তারা ঘূর্ণিঝড় আয়লায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও তাদের পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। মন্ত্রী সরকারের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের কথা তাদের জানান। মন্ত্রী ক্ষতিগ্রস্ত একটি ইউনিয়নের উদাহরণ দিতে গিয়ে বলেন, সেখানে প্রায় ৩৭ হাজার লোক বসবাস করছে। অথচ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে মাত্র পাঁচটি। ফলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ও সতর্ক বার্তা প্রচার করার পরও মানুষের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার সুযোগ নেই। রেনেটা লক ডেসালিয়ন সরকারের ত্রাণ কার্যক্রম, দীর্ঘ মেয়াদী ও স্থায়ী অবকাঠামো নির্মাণ পরিকল্পনার প্রশংসা করেন। ক্ষতিগ্রস্ত এলাকায় গৃহনির্মাণে আন্তর্জাতিক সাহায্য সংস্থার কাছে সাহায্য চাওয়ারও পরামর্শ দেন তিনি। এছাড়া দুর্যোগ কবলিত এলাকায় কর্মরত এনজিওগুলোর মধ্যে সেবাভিত্তিক ক্লাস্টার গঠন এবং দীর্ঘ মেয়াদী সহযোগিতার জন্য উন্নয়ন সহযোগী দেশগুলোর সঙ্গে বৈঠক করারও পরামর্শ দেন ডেসালিয়ন। এর আগে জাপানের জেনারেল কর্পোরেশন এশিয়ান সেন্টারের টেরুও ওয়াটানাবে'র নেতৃত্বে কর্পোরেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর মন্তণালয়ের এক কর্মকর্তা জানান, কর্পোরেশন দুর্গত এলাকায় বিনামূল্যে চারটি খাবার পানির প্ল্যান্ট স্থাপন করবে। প্রতিটি প্ল্যান্ট স্থাপনে খরচ পড়বে প্রায় সাড়ে ছয় কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/টিআর/১৯৫৭ ঘ.