২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীরপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী শাহীন র‌্যাবের হাতে গ্রেপ্তার

মীরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সোহরাব হোসেন শাহীন ওরফে 'মেজর শাহীন'কে দু' সহযোগীসহ সোমবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার কাছ থেকে একটি পিস্তল ও একটি গাড়ি উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 01:14 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মীরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সোহরাব হোসেন শাহীন ওরফে 'মেজর শাহীন'কে দু' সহযোগীসহ সোমবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার কাছ থেকে একটি পিস্তল ও একটি গাড়ি উদ্ধার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা অন্যরা হলো শাহাদত হোসেন ওরফে জাপানী (৪২) ও আবু হানিফ (৩৮)। শাহীন নিজেকে সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচয় দিয়ে মীরপুর এলাকায় চাঁদাবাজি ও ঝুট ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ ১৬টি মামলা রয়েছে বলে নিশ্চিত হয়েছে র‌্যাব। র‌্যাব-১ এর সহকারী পরিচালক কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, সোমবার রাত দেড়টার দিকে মহাখালীর মুক্তিযোদ্ধা যাত্রী ছাউনির সামনে একটি কালো রঙের গাড়িসহ (ঢাকা মেট্রো-গ-১৪-৩৬২৩) তাদের গ্রেপ্তার করে র‌্যাব। গাড়িটির ভেতর থেকে চার রাউন্ড গুলিসহ একটি চীনা পিস্তল ও তিন বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। র‌্যাব ধারণা করছে গত কয়েক মাসে কাফরুল, মীরপুর, শ্যাওড়াপাড়া, আগারগাঁও এলাকায় যেসব গোলাগুলির ঘটনা ঘটেছে তার সঙ্গে শাহীন ও তার দল সক্রিয়ভাবে জড়িত। র‌্যাব কর্মকর্তা জানান, শাহীনের মেজ ভাই শামীম একটি সন্ত্রাসী দলের নেতৃত্ব দিতো। শাহীনও সেই দলে ছিল। ১৯৯৭/'৯৮ সালে মীরপুর এলাকার সন্ত্রাসী বিকাশ ও প্রকাশের সঙ্গে বিরোধের জের ধরে তাদের গুলিতে শামীম মারা যায়। এর পর দলের দায়িত্ব নেয় শাহীন। শাহীন ১৯৯৮ সালে শিমুলতলাতে ফালান (২৫) নামে এক যুবককে হাতে-পায়ে পেরেক মেরে নির্যাতন করে হত্যা করে বলে অভিযোগ আছে। গুলি ও জবাই করে আরো দুটি খুনের অভিযোগ আছে তার বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/১৯২১ঘ.