মেহেরপুর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিঢেফার ডটকম) - মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে মঙ্গলবার দুপুরে ভারতীয় ওষুধসহ দুজনকে আটক করেছে র্যাব।
পরে আটক ওষুধসহ তাদের গাংনী থানায় সোপর্দ করা হয়। এরা হলেন- মেহেরপুর শহরের মণ্ডলপাড়ার আব্দুল রহমানের ছেলে আবু বক্কর (৫৪) এবং সদর উপজেলার ইছাখালী গ্রামের এরশাদ আলীর ছেলে জাহিদুর রহমান (৩১)।
মেহেরপুরের র্যাব কর্মকর্তা পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুরে দুপুর সাড়ে ১২ টার দিকে র্যাব সদস্যরা দুজন মোটরসাইকেল আরোহীকে আটক করে। তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ভারতীয় ওষুধ।
এসব ওষুধের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানান তিনি।
আটককৃতরা জানান, অর্থের বিনিময়ে তারা এগুলো বহন করে কুষ্টিয়া নিয়ে যাচ্ছিলেন। ইছাখালী সীমান্ত দিয়ে ভারতীয় এক নাগরিক এ ব্যাগ দুটি তাদের কাছে পৌঁছে দেন।
সেখান থেকে কুষ্টিয়ার নির্দিষ্ট স্থানে অপেক্ষমান একজনের কাছে ব্যাগ দুটি পৌঁছে দিলে তারা ১০ হাজার টাকা পেতেন বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৪১ ঘ.
bdnews24