ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পহেলা অক্টোবর থেকে ঢাকায় দ্বিতীয় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু হতে যাচ্ছে।
রাজধানীর একটি হোটেলে মেলার আয়োজক সংস্থা ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে।
'বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার, ২০০৯' নামের এই মেলার আয়োজন করা হবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।
সংবাদ সম্মেলনে টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ বলেন, "মেলা আমাদের পর্যটন শিল্পে এক নতুন দিগন্তের উন্মোচন করবে। এর মাধ্যমে পর্যটকদের মধ্যে যোগাযোগ বাড়বে। পাশাপাশি পর্যটন শিল্পের ক্রমবর্ধমান উন্নয়নের সঙ্গে আমাদের পর্যটন শিল্পও পরিচিত হওয়ার সুযোগ পাবে।"
তিনদিনের এ মেলায় বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পুর্ব এশিয়ার সরকারি-বেসরকারি ট্যুর অপারেটরস এবং এ সংক্রান্ত অন্যান্য সংগঠন ও সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নেবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ, ভূটান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, চীন ও মিয়ানমার।
মেলা কমিটির পরিচালক রেজাউল করিম রাজু বলেন, "মেলার মূল উদ্দেশ্য আমাদের পর্যটন শিল্পের প্রবৃদ্ধি নিশ্চিত করা।"
দেশের পর্যটন শিল্প অত্যন্ত সম্ভাবনাময় হওয়ার পরও সরকার এ খাতের ওপর নজর দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
মেলায় মোট ১৪৪টি স্টল থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/টিআর/২২৫৫ ঘ.
bdnews24