২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যাপ্রচেষ্টার মামলায় সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার

সিলেট সিটি করপোরেশনের এক কর্মচারিকে আগুনে পুড়িয়ে হত্যাপ্রচেষ্টার মামলায় সোমবার সকালে সিটি করপোরেশনের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2009, 02:14 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

সিলেট, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট সিটি করপোরেশনের এক কর্মচারিকে আগুনে পুড়িয়ে হত্যাপ্রচেষ্টার মামলায় সোমবার সকালে সিটি করপোরেশনের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকাল ১০টায় নগর ভবন থেকে গ্রেপ্তার করা কর্মকর্তা মিজানুর রহমানকে পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তিনি সিটি করপোরেশনের বাজার শাখায় কাজ করেন। সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারুল নামের সিটি করপোরেশনের এক কর্মচারিকে আগুনে পুড়িয়ে হত্যাপ্রচেষ্টা মামলায় মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩ মে নগরীর কাষ্টঘর এলাকায় পারুল বেগমের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করে একদল দুর্বৃত্ত। ওই ঘটনায় পারুল বেগমের ছেলে রাসেল আহমদ কোতয়ালি থানায় একটি মামলা করেন। এসআই মোহাম্মদ আলী জানান, পারুল পুলিশকে বলেছেন মেয়র কামরানের কার্যালয়ে অজ্ঞাত একটি বস্তু রাখতে রাজি না হওয়ায় তাকে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় মিজানুর রহমান জড়িত রয়েছেন বলেও পারুল জানান। মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পারুল বেগমের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ সোমবার মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন কি না তা পুলিশ তদন্ত করে দেখবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫২ ঘ.