ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতীয় দূতাবাসের সামনে সোমবার বিক্ষোভ করার সময় মিয়ানমারের ২০ নাগরিককে আটক করা হয়েছে।
গুলশান থানার উপ-পরিদর্শক আক্তার হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে তারা দূতাবাসের সামনে বিক্ষোভ করছিল। তাদের এখন থানায় বসিয়ে রাখা হয়েছে। হাজতে ঢোকানো হয়নি।
কোনও মামলাও দায়ের করা হয়নি বলে তিনি জানান।
পুলিশ কর্মকর্তা জানান, আটকদের মধ্যে ৩টি শিশুও রয়েছে।
মিয়ানমারের নাগরিকরা পুলিশকে জানিয়েছে, ১৯৯৭ সালে ভারত সরকার মিয়ানমারের ৩৪ রাজনীতিককে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে প্রতি বছর ২২ জুন মিয়ানমারের নাগরিকরা সারা বিশ্বের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/১৯৫২ ঘ.
bdnews24