রংপুর, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের মিঠাপুকুর উপজেলার সন্তোষপুর আকনটারি গ্রামে শনিবার দুপুরে দুধ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে এক সুদের কারবারী এবং তার সাঙ্গপাঙ্গরা।
নিহত ব্যবসায়ী সাইদুল ইসলাম (৪০) উপজেলার খিয়ারপাড়া গ্রামের বাদশার আলীর ছেলে।
এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত উপ-পরিদর্শক (এসআই) সালাহউদ্দিন।
তিনি বলেন, "সাইদুল পাশের সন্তোষপুর গ্রামের দাদন কারবারী মোকসেদ আলীর কাছ থেকে পাঁচ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। টাকা পরিশোধ করার পরও সুদবাবদ অতিরিক্ত ২ হাজার টাকা দাবি করে মোকসেদ। কিন্তু সুদ দিতে অস্বীকার করায় মোকসেদ ও তার সাঙ্গপাঙ্গরা সাইদুলকে পিটিয়ে হত্যা করে।"
এসআই সালাহউদ্দিন জানান, পুলিশ লাশ উদ্ধার করে মিঠাপুকুর থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৭২৫ ঘ.
bdnews24