ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সরকারি কোনও দপ্তরে দুর্নীতি হলে সে জন্য ওই দপ্তরের প্রধান কর্মকর্তাকে দায়ী করা হবে।
শনিবার হোটেল শেরাটনে এক কর্মশালার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
শফিক আহমেদ বলেন, "যে কোনও বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তাদের গাফিলতির কারণে নিচের স্তরে দুর্নীতি হয়। পদস্থ কর্মকর্তারা যদি ঠিকমতো পর্যবেক্ষণ করেন এবং সতর্ক থাকেন তাহলে দুর্নীতি হবে না।
"তাই কোনও বিভাগে দুর্নীতি হলে ওই বিভাগের পদস্ত কর্মকর্তাকেই জবাবদিহি করতে হবে এবং তাকে দায়ী করা উচিত বলেও আমি মনে করি।"
বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তাদের দুর্নীতির কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, "ট্রুথ কমিশনে প্রকৌশলী, বন কর্মকর্তাসহ অনেক উচপদস্থ কর্মকর্তা দুর্নীতি স্বীকার করেছেন।"
আইনমন্ত্রী বলেন, দুর্নীতি যাতে না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের পদস্থ কর্মকর্তাদের পর্যবেক্ষণ নিবিড় করার নির্দেশ দেওয়া হবে।
বেতন বাড়ালেও দুর্নীতি বন্ধ হবে না মন্তব্য করে শফিক আাহমেদ বলেন, "মানুষের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। আইন দিয়ে সব সময় দুর্নীতি বন্ধ হয় না। এর জন্য মানুষের সহযোগিতা প্রয়োজন।"
'দুর্নীতি বিরোধী জাতিসংঘ সনদ বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়ন' শীর্ষক ওই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত ফ্র্যাঙ্ক মাইকে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য সালেহ উদ্দিন আহমেদ, আইন সচিব কাজী হাবিবুল আওয়াল বক্তব্য রাখেন।
আইন মন্ত্রণালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডি কর্মশালাটির আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/আরএ/এমআই/১৬২০ ঘ.
bdnews24