ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকার নসরতপুরে ও গাজীপুর সদরের নান্দুয়াইন এলাকায় শনিবার পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:
হবিগঞ্জ: শায়েস্তাগঞ্জ এলাকার নসরতপুর লেভেল ক্রসিংয়ে শনিবার সকাল ১১টায় ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন জানান, সিলেটগামী পারাবত এক্সপ্রেসের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাস আরোহী কামাল মিয়া (৪০) ঘটনাস্থলেই মারা যান। এরশাদ আলী (৩০) ও আনজালীব হাসান (৫২) আহত হন।
আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরশাদ আলীর বাড়ি রাজশাহীর মাইজগাঁও এলাকায় এবং আনজালীব হাসানের বাড়ি হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলায় বলে জানান ওসি।
গাজীপুর: সদর উপজেলার নান্দুয়াইন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শনিবার সকালে একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
নিহতরা হলেন- লেগুনার চালক জালাল (২৮) ও নিজাম উদ্দিন (৩৫)।
নিজাম উদ্দিন নেত্রকোনার বারহাট্টা উপজেলার লেবু মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ভাওয়াল জাতীয় উদ্যানের কাছে সকাল সাড়ে ৯টায় শ্রীপুর থেকে ঢাকাগামী একটি বাস অন্য একটি বাসকে পাশ কাটানের সময় লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই লেগুনার চালক ও একজন যাত্রী নিহত হন বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬২০ ঘ.
bdnews24