ব্রাহ্মণবাড়িয়া, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকা-সিলেট রেলপথে শুক্রবার সকালে দুটি বোমা বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থল থেকে আরও দুটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো পেতে রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা। তবে এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন সাংবাদিকদের বলেন, "সকাল ৮টার সময় দুর্গাপুর লেভেল ক্রসিংয়ের কাছে দুটি বোমার বিস্ফোরণ ঘটে বলে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে সেখানে আরও দুটি তাজা বোমা পাওয়া যায়।"
রেল লাইনের পাশে একটি ছোরা এবং কিছু কাপড়-চোপড় পাওয়া গেছে বলে তিনি জানান।
ওসি শাহাবুদ্দিন জানান, বোমা বিস্ফোরণের কারণে সকালে কিছু সময়ের জন্যে ট্রেন চলাচল বন্ধ ছিল।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাম্মাদ হোসেন বলেন, "নাশকতার উদ্দেশ্যেই বোমাগুলো সেখানে পেতে রাখা হয় বলে ধারণা করছি। এর পেছনে কারা জড়িত তা খুঁজে বের করা হবে।"
তিনি জানান, অবিস্ফোরিত বোমা দুটি উদ্ধার করে থানায় এনে পানিতে রাখা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করতে কুমিল্লা সেনানিবাস থেকে বিস্ফোরক বিশেষজ্ঞরা আসার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৪ ঘ.
bdnews24