সাভার, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের গণকবাড়িতে একটি সোয়েটার কারখানায় শুক্রবার ভোরে আগুনে পুড়ে একজন কর্মকর্তা মারা গেছেন। অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-টাঙ্গাইল সড়কে দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল।
মৃত কর্মকর্তা হলেন- মামুনুর রশিদ (৩২)। তিনি কারখানাটির সহকারী ব্যবস্থাপক। মামুন চাঁদপুরের কচুয়া উপজেলার কাবলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, ইন্ট্রাকো সোয়েটার্স লিমিটেড নামের ওই কারখানায় আগুন নেভানোর পর বিকেলে ভেতর থেকে মামুনের পোড়া লাশ উদ্ধার করা হয়েেেছ।
কারখানার নিরাপত্তা রক্ষী আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর ৫ টার দিকে তৃতীয় তলার ফ্লোরে প্রথমে ধোঁয়া ও পরে আগুন দেখে নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে। তখন দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।"
দমকল বাহিনীর ঢাকা ইপিজেড স্টেশনের কর্মকর্তা অপূর্ব বল বলেন, "পানির প্রাপ্যতা সহজ না হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়। সাভার, ডিইপিজেড, ঢাকা, টঙ্গী ও গাজীপুর ফায়ার স্টেশনের ১২টি ইউনিট দীর্ঘ চেষ্টার পর দুপুর পৌনে ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।"
ইন্ট্রাকো সোয়েটার্স লিমিটেড এর ব্যবস্থাপক (প্রডাকশন) ইউনুছ মিয়া জানান, তৃতীয় ও চতুর্থ তলা নিয়ে তাদের সোয়েটার কারখানা। তৃতীয় তলার ফিনিশিং সেকশন থেকে আগুনের সূত্রপাত। এ অগ্নিকাণ্ডে তৃতীয় তলার যন্ত্রপাতি, তৈরী সোয়েটার, আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে গেছে।
আগুনে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
ব্যবস্থাপক ইউনুস মিয়া আরও জানান, নিহত মামুনুর রশিদ কারখানার মালিক মজিবুর রহমানের ভাতিজা। রাতে তিনি কারখানায় ছিলেন তা প্রতিষ্ঠানের কারও জানা ছিল না।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপ-পরিচালক আব্দুর রশিদ বলেন, "বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অথবা রাতে কাজ শেষে কোনও শ্রমিক ভুলবশত আয়রনের লাইন না খুলে কাপড়ের ওপর রেখে চলে যাওয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে।"
হাসেম প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি মতিউর রহমান জানান, সোয়েটার কারখানা ছাড়া অন্য কোনও দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/এমএসবি/১৭০০ ঘ.
bdnews24