২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘড়ির কাঁটা এগিয়ে দিতে তৈরি দেশ

শুক্রবার রাত ১১টা থেকে ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাচ্ছে। দিনের আলোর যথাযথ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সম্প্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ জন্য সবাইকে শুক্রবার রাত ঠিক ১১টায় ঘড়ির কাঁটা ১২টায় এগিয়ে দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার রাত ১১টা থেকে ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাচ্ছে। দিনের আলোর যথাযথ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সম্প্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ জন্য সবাইকে শুক্রবার রাত ঠিক ১১টায় ঘড়ির কাঁটা ১২টায় এগিয়ে দিতে হবে। ভৌগোলিক কারণে বিশ্বের বেশ কয়েকটি দেশে বছরের নির্দিষ্ট তারিখে সময় আগানো বা পেছানোর প্রচলন থাকলেও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশের ইতিহাসে প্রথম এ উদ্যোগ নেওয়া হলো। সরকারি এ সিদ্ধান্ত কার্যকর করতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে প্রচারসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত ১১টায় তার সরকারি বাসভবন যমুনায় একটি ডাকটিকিট অবমুক্ত করার মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সময়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবনের ওপর স্থাপিত বড় ঘড়িটির কাঁটা এক ঘন্টা এগিয়ে দিয়ে সরকারি সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। শুক্রবার মধ্যরাতের আগে বাংলাদেশ টেলিভিশন একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে। রাজউক ভবনের ওপর ঘড়ির কাঁটা এগিয়ে নেওয়ার দৃশ্যটিও বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। সচিবালয়ে বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে বৃহস্পতিবার শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, এ কর্মসূচি কার্যকর হলে অন্তত: ২০০ মেগাওয়াট বিদ্যুতের সাশ্রয় হবে। এতে দেশে চলমান লোডশেডিং ও লোড ব্যবস্থাপনা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। প্রাথমিকভাবে চার মাসের জন্য এ পদ্ধতি চালু হলেও ফলাফল ইতিবাচক হলে এ তা দীর্ঘস্থায়ী হবে। মন্ত্রী বলেন, ইতোমধ্যেই গণমাধ্যম ও সরকারের মতবিনিময় কর্মসূচির মাধ্যমে সরকারি এ সিদ্ধান্তের কথা দেশের প্রতিটি পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। এ নিয়ে কোন বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি। জনগণ ঘড়ির কাঁটা এগিয়ে নেওয়ার মাধ্যমে সরকারি সিদ্ধান্ত মেনে চলবে বলে তিনি আশা প্রকাশ করেন। টুকু বলেন, "মানুষ পর্যায়ক্রমে এতে অভ্যস্ত হয়ে পড়বে।" প্রতিমন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সাশ্রয়ী বাল্ব আমদানি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে গৃহীত কার্যকর ব্যবস্থা। এজন্য চলতি বাজেটে সরকারের পক্ষ থেকে বরাদ্দও রাখা হয়েছে। সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন প্রসঙ্গে জানতে চাইলে শামসুল হক টুকু বলেন, সরকারি সিদ্ধান্ত কার্যকর না করে কোন প্রতিষ্ঠানের সময়সূচি পরিবর্তন করা উচিত হবে না। কেউ যদি এমন সিদ্ধান্ত নেয়, তবে সরকার আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে। এতে কাজ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নতুন সময় অনুযায়ী সবাই কাজ করবে বলে আমরা মনে করি। ব্যবসা প্রতিষ্ঠানের সময় সম্পর্কে তিনি জানান, ব্যবসায়ীদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে। তারাও নতুন সময় অনুযায়ী দোকানপাট খোলা রাখবে। সিদ্ধান্ত বাস্তবায়নে তারাও সরকারকে সহায়তা করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০৪৮ঘ.