ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোয়াইন ফ্লু সংক্রমণ রোধে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, পরীক্ষা করে কারও দেহে এইচ১এন১ ভাইরাস আক্রান্ত চিহ্নিত করা হলে তাদের আলাদা রাখা হবে এবং হাসপাতালে ভর্তি করা হতে পারে।
ভারতের সব আন্তর্জাতিক বিমানবন্দরের ৭৬টি কাউন্টারে ২২১ জন চিকিৎসক এবং ১১১ জন প্যারামেডিক নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোয়াইন ফ্লুকে মহামারী ঘোষণা দিয়েছে।
এ বছর মেক্সিকোতে প্রথম এ ভাইরাস সনাক্ত করা হয়। এ পর্যন্ত ৭০টি বেশি দেশে সোয়াইন ফ্লু রোগী ধরা পড়েছে ৩০ হাজারের বেশি। মারা গেছে দেড় শতাধিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এমআই/১৫১৫ ঘ.
bdnews24