২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গাজীউল হকের ঋণ শুধতে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে'

গাজীউল হক শুধু ভাষা আন্দোলনের সঙ্গেই সম্পৃক্ত ছিলেন না, তিনি দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন সামনের কাতারে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের পাশেও দাঁড়িয়েছিলেন তিনি। তার ঋণ শোধ করতে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 06:17 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীউল হক শুধু ভাষা আন্দোলনের সঙ্গেই সম্পৃক্ত ছিলেন না, তিনি দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন সামনের কাতারে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের পাশেও দাঁড়িয়েছিলেন তিনি। তার ঋণ শোধ করতে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীউল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন জন এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "গাজীউল হক শুধু ভাষাসৈনিকই ছিলেন না। তিনি সব সময খেটে খাওয়া মানুষের কথা বলেছেন। তার মৃত্যুতে খেটে খাওয়া মানুষরা আজ রিক্ত।" জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, "বাংলাদেশের ইতিহাসে বড় তিনটি ঘটনা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলন। এ তিনটিতেই গাজীউল হকের অবদান রয়েছে।" তিনি বলেন, "রাজাকার বা যুদ্ধাপরাধীদের বিচার আমরা এখনও করতে পারিনি। জাহানার ইমামের পাশে দাঁড়িয়ে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি জাতীয় এজেন্ডায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে গাজীউল হকেরও ভূমিকা ছিল। তার ঋণ শোধ করতে হলে যুদ্ধাপরাধীদের বিচার করা উচিত, তাদের সাজা দেওয়া উচিত।" ঢাকা বিশ্ববিদ্যারয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক বলেন, "গাজীউল হক এদেশের সব আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। যখনই দেশে কোনও ধরণের অন্যায় ঘটেছে, তখনই তিনি সোচ্চার হয়েছেন।" বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, "আমরা যে রাষ্ট্রের নাগরিক তার সূচনা হয়েছিল ভাষা আন্দোলনের মাধ্যমে। আর এ আন্দোলনে নেতৃত্বের কাতারে ছিলেণ গাজীউল হক। বাংলাদেশের ইতিহাসে তিনি কিংবদন্তি হয়ে আছেন।" নাট্য ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, "গাজীউল হক ছিলেন আমাদের অভিভাবক ও পথ নির্দেশক। তাকে আমরা অনুসরণ করেছি, তার দ্বারা উজ্জ্বীবিত হয়েছি। তার স্মৃতি, আদর্শ, সাহস, ব্যক্তিত্ব আমাদের আগামী পথচলায় সহায়তা করবে।" নাট্য ব্যক্তিত্ব আলী যাকের বলেন, "গাজীউল হক ছিলেন আপসহীন ব্যক্তি।" ইনামুল হক বলেন, "যে কোনও অন্যায়ের প্রতিবাদ করতে হলে গাজীউল হকের কথা মনে রাখতে হবে।" বুধবার বিকালে গাজীউল হক তার রামপুরায় বাসায় মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর। সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গাজীউল হকের প্রথম নামাজে জানাজা হয়। এরপর তার মরদেহ সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে আনা হয়। বিকালে বগুড়ায় পারিবারিক কবরস্তানে তাকে দাফন করা হবে। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১২২৫ ঘ.