সিলেট, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম) - সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোনায়েম-উল ইসলাম মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। (আরও তথ্যসহ)
আহত হন থানার উপ-পরিদর্শক মুজিবুল ইসলাম।
উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউড়া গ্রামে একটি ক্লাব নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের সময় রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমের মৌলভীবাজার প্রতিনিধি কামরুল আম্বিয়া জানান।
সিলেটের উপ-পুলিশ কমিশনার (উত্তর-দক্ষিণ) আহসান হাবিব পলাশ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কালাইউড়া গ্রামের প্যাসিফিক স্যোশাল ক্লাবে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দু'পক্ষের মধ্যে বিরোধ চলছিল। রাত ৯টায় কালাইউড়া মাঠে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।
সংঘর্ষের সময় আকস্মিকভাবে তার বুকে একটি গুলি লাগে। এতে মোনায়েম ঘটনাস্থলেই নিহত হন বলে জানান আহসান হাবিব পলাশ।
গুলিবিদ্ধ উপ-পরিদর্শক মুজিবুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে রাতেই ওই এলাকায় অভিযান চালানো হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
নিহত ভারপ্রাপ্ত কর্মকর্তার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পরানখালী গ্রামে। তার বাবার নাম শিহাবুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/এইচএ/০০২৫ ঘ.
bdnews24