সাভার, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে সাভার বাজারের বাসস্ট্যান্ড এলাকায় এক পথচারীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার সময় তাকে জনতা আটক করে।
নিহতের নাম- মন্টু (২২)। তিনি চাঁদপুর জেলার সদর থানার প্রতাপপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
ছুরিকাঘাতে আহত পথচারী সুজনকে (২৮) স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর সাড়ে ৫টার দিকে একদল ছিনতাইকারী পথচারী সুজনের পথরোধ করে। পরে তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ছিনতাইকারীদের ধাওয়া করে। অন্যরা পালাতে পারলেও মন্টু ধরা পড়েন।
সকাল ১০ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এসআই আজিজ জানান, দুপুরে ছায়াবীথি এলাকা থেকে ছোট জুলহাস নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জুলহাস জানিয়েছেন তিনি ও মন্টু ছাড়াও মাসুদ, নয়ন এবং মিন্টু নামের আরও তিনজন ছিনতাইয়ে জড়িত ছিলেন।
ছিনতাইয়ের ঘটনায় সাভার থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৯২৯ ঘ.
bdnews24