২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ছাত্র নিহতের ঘটনায় ১০ র‌্যাব সদস্যের বিরুদ্ধে মামলা

রাজধানীতে র‌্যাবের সঙ্গে কথিত 'গুলি বিনিময়ে' পলিটেকনিকের দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় এক ছাত্রের স্বজন র‌্যাব-২ এর ১০ সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। গত ২৭ মে রাতে র‌্যাবের সঙ্গে 'গুলিবিনিময়ে' নিহত হয় তেজগাঁওয়ের পলিটেকনিক ইনস্টিটিউটের তড়িৎ কৌশল বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মহসীন শেখ (২৩) এবং যন্ত্র কৌশল বিভাগের ৩য় বর্ষের ছাত্র মোহাম্মদ আলী জিন্নাহ (২২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 12:50 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে র‌্যাবের সঙ্গে কথিত 'গুলি বিনিময়ে' পলিটেকনিকের দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় এক ছাত্রের স্বজন র‌্যাব-২ এর ১০ সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। গত ২৭ মে রাতে র‌্যাবের সঙ্গে 'গুলিবিনিময়ে' নিহত হয় তেজগাঁওয়ের পলিটেকনিক ইনস্টিটিউটের তড়িৎ কৌশল বিভাগের ৪র্থ বর্ষের (অষ্টম সেমিস্টার) ছাত্র মহসীন শেখ (২৩) এবং যন্ত্র কৌশল বিভাগের ৩য় বর্ষের (ষষ্ঠ সেমিস্টার) ছাত্র মোহাম্মদ আলী জিন্নাহ (২২)। এদের মধ্যে মোহাম্মদ আলী জিন্নাহ'র ভগ্নিপতি জসীমউদদীন বাদী হয়ে সোমবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন (নম্বর:২২৯২/০৯ ধারা ৩০২/৩৪ তারিখ: ১৫/০৬/০৯)। মহানগর হাকিম একেএম এমদাদুল হক বাদীর অভিযোগটি গ্রহণ করে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ২০ আগষ্ট । জসীমউদদীন মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার আসামীরা হলেন- র‌্যাবের ডিএডি ফুরজাল হোসেন, হাবিলদার আব্দুল কুদ্দুস, ল্যান্স নায়েক মো.সেকের আলী, সৈনিক মনসুর এলাহী, ল্যান্স নায়েক এমরান আলী, ডিএডি মো. মেনহাজ উদ্দীন, পুলিশ কনস্টেবল নুরুল হুদা, ল্যান্সকর্পোরাল সিদ্দিকুর রহমান, এসআই শফিকুল আলম, কর্পোরাল মনিরুল ইসলাম এবং পলিটেকনিকের ছাত্র সজীব হোসেন। অভিযোগে বলা হয়েছে- "নিহত জিন্নাহর বুকের মাঝখানে ও ডানে এবং বাম হাতে ক্ষত চিহ্ন ও পায়ে ছড়ে যাওয়ার দাগ ছিল। অন্যদিকে মহসিন শেখের গলার বামদিকে ও নাভির ওপরে ক্ষতচিহ্ন ছিল। প্রশ্ন হলো গুলি করে পালাতে গেলে নিহতদের বুকে, পেটে ও গলায় গুলি লাগে কী করে?" অভিযোগে আরও বলা হয়, "তেজগাঁও থানায় দায়েরকৃত অপমৃত্যুর মামলায় উল্লেখ করা হয় যে, গোলাগুলির সময় র‌্যাব মোট সাত রাউন্ড গুলি করেছে। অন্যদিকে লাশের ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে- নিহতদের শরীরে সাতটি গুলির চিহ্ন রয়েছে। এখন প্রশ্ন হলো গোলাগুলি হলে র‌্যাবের ফায়ারকৃত সাতটি বুলেটই নিহতদের শরীরে বিদ্ধ হল কি করে। কতো কাছ থেকে ফায়ার করলে একটি বুলেটও মিস হয় না সেটা অবশ্যই বিবেচ্য বিষয়। আর খুব কাছে থেকে গোলাগুলি হলে র‌্যাবের একজন সদস্যও আহত না হওয়ার কারণ কি?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/পিবি/এইচএ/২১০০ ঘ.