২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মইনের বিচার দাবি করেছে বিএনপির সংসদীয় দল

সদ্য বিদায়ী সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে বিএনপির সংসদীয় দল। দলটি মইনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতারও অভিযোগও তুলেছে। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক জরুরি সংবাদ ব্রিফিঙে বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক এ দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 12:16 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য বিদায়ী সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে বিএনপির সংসদীয় দল। দলটি মইনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতারও অভিযোগও তুলেছে। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক জরুরি সংবাদ ব্রিফিঙে বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক এ দাবি জানান। তিনি বলেন, "জেনারেল মইনসহ অপরাধীরা সশস্ত্র বাহিনীর নাম ব্যবহার করে এই জাতীয় প্রতিষ্ঠানটির সুনাম ও ঐতিহ্য মারাত্মকভাবে ক্ষুন্ন করেছে। তারা সশস্ত্র বাহিনীকে দেশের জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে একে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। এই বাহিনীর সুনাম, আইন ও সংবিধান রক্ষায় এদের বিচার আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে। তাই বিএনপির সংসদীয় দল মনে করে, অনতিবিলম্বে মইন উ আহমেদকে আইনের আওতায় আনা হোক। কোনো ব্যক্তিকে আইনের উর্ধ্বে রাখার সুযোগ সংবিধান দেয়নি।" জয়নাল আবদিন ফারুক অভিযোগ করেন, সশস্ত্র অবস্থায় গুটিকয়েক অনুগত সেনা কর্মকর্তাসহ বঙ্গভবনে প্রবেশ করে মইন উ আহমেদ রাষ্ট্রপতিকে ভীতি প্রদর্শন ও বল প্রয়োগের মাধ্যমে জরুরি অবস্থা জারি এবং জাতির উদ্দেশে অসত্য ও আপত্তিকর ভাষণ প্রদানে বাধ্য করে রাষ্ট্রদ্রোহীতার অপরাধ করেছেন। তিনি মইন ছাড়া অন্য যাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন, তারা হলেন- দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল হাসান মশহুদ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন, বর্তমানে অষ্ট্রেলিয়ায় হাইকমিশনার নিযুক্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ টি এম আমিন ও বিগ্রেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারী। বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন, ''জরুরি অবস্থার সরকার প্রতিষ্ঠা এবং ওই সরকার টিকিয়ে রাখার পেছনে মইন প্রধান ভূমিকা পালন করেছেন। তিনি একজন ভারসাম্যহীন ব্যক্তিকে (অধ্যাপক ইয়াজ উদ্দিন আহম্মেদ ) রাষ্ট্রপতি পদে রেখে তাকে দিয়ে বিভিন্ন অধ্যাদেশ জারি ও নীল নকশার জাতীয় নির্বাচন সম্পন্ন করে দেশের ভাগ্য নিয়ে ছেলেখেলা করেছেন। সেনাপ্রধান হিসেবে নিজের চাকুরির মেয়াদ এক বছর বাড়িয়ে চরম অন্যায়, অনৈতিক ও অবৈধ কাজ করেছেন। '' জাতীয় নির্বাচন পিছিয়ে দিয়ে সংবিধান লংঘনের জন্য অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও ফখরুদ্দীন আহমদের মতো মইনও সমান দায়ী বলে মনে করে বিএনপির সংসদীয় দল। এছাড়া সংবাদ ব্রিফিঙে জেনারেল মইনের বিরুদ্ধে রাজনৈতিক দলে ভাঙন সৃষ্টি, দুই নেত্রীসহ রাজনীতিবিদদের দেশ থেকে বিতাড়নের অপচেষ্টা, রাজনীতিবিদদের শারীরিকভাবে নির্যাতন- হয়রানি, বিনা রশিদে বিপুল অর্থ আদায়, বিনা বিচারে নাগরিকদের আটক, গ্রামে-গঞ্জে হাট-বাজার, স্থাপনা-বসত বাড়ি উচ্ছেদ, বিশেষ আদালতের মাধ্যমে প্রহসনের বিচার অনুষ্ঠান, গণমাধ্যমকে বিশেষ সংস্থার মাধ্যমে নিয়ন্ত্রণের অভিযোগ করা হয়। জয়নাল আবদিন ফারুক বলেন, "এসব অপকর্মের মাধ্যমে জেনারেল মইন সামরিক শৃঙ্খলা ও চাকুরি বিধি লঙ্ঘন করেছেন।'' এক প্রশ্নের জবাবে বিরোধী দলের প্রধান হুইপ বলেন, "স্পিকার আজ (মঙ্গলবার) সকালে আকস্মিকভাবে আমার কক্ষে গিয়ে চা খেয়েছেন। কিন্তু সংসদে ফিরে আসার বিষয়ে কোনো আলোচনা হয়নি। স্পিকার বিরোধী দলীয় নেত্রীর প্রাপ্য সু্িবধার বিষয়ে সৃষ্ট সমস্যার সমাধান করলে আমরা সংসদীয় দলের সভা ডেকে সংসদে ফিরে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি।'' ব্রিফিঙে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক স্পিকার সাংসদ জমিরউদ্দিন সরকার, সাংসদ নুরুল ইসলাম মঞ্জু, আবদুল মমিন তালুকদার, জেড আই এম মোস্তফা আলী, গোলাম মোস্তফা, নীলুফার চৌধুরী , মনি, রেহানা আখতার রানু প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০০ ঘ.