কক্সবাজার, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারে বেড়াতে এসে সোমবার রাতে দুই শিশু এবং তাদের মা মারা গেছেন। হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ বলেছে জুস খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর তাদের হাসপাতালে নেওয়া হয়। তবে পুলিশ মৃত্যুর কারণ সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি।
ঘটনার পর থেকেই হোটেলের ব্যবস্থাপক ও কর্মচারীরা পলাতক রয়েছেন।
মৃতরা হলেন- নরসিংদী সদর থানার মাধবদী বাজার এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী মিতা (৩০), মেয়ে মাহফুজা আক্তার শ্রাবণ (৮) ও ছেলে মাহফুজ আহমদ বাবন (৬)।
শ্রাবণ নরসিংদী সানফ্লাওয়ার প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী এবং বাবণ একই স্কুলের প্লে-গ্র"পের ছাত্র ছিল।
কক্সবাজার মডেল থানায় কর্মরত সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সালাহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুই ছেলে-মেয়েকে নিয়ে মিতা কলাতলীর 'সী-ভিউ' কটেজের দ্বিতীয় তলার বি-৩ নম্বর কক্ষে ওঠেন। হোটেল রেজিষ্ট্রারে তার নাম মিতা (৩০) ও ঠিকানা নরসিংদী লেখা হয়েছে। তবে ছেলে-মেয়ের কথা হোটেল রেজিষ্ট্রারে লেখা নেই।
হোটেল কক্ষ থেকে উদ্ধার করা তাদের মালামালের মধ্যে ছেলে-মেয়ের বইখাতাও পাওয়া গেছে। সেখান থেকে তাদের পরিচয় জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, সোমবার রাতে সাড়ে ৮টার দিকে হোটেল থেকে অসুস্থ অবস্থায় তাদের কক্সবাজার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার আগে বাবন মারা যায়। হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান মিতা। আর চিকিৎসাধীন অস্থায় মারা যায় শ্রাবণ।
তিনি বলেন, মৃত্যুর আগে শ্রাবণ হাসপাতালের চিকিৎসকদের জানিয়েছে তার মা তাদের জুস খাইয়েছিল। জুসে বিষাক্ত কিছু মেশানো ছিল বলে তিনি ধারণা করছে।
তবে এটি আত্মহত্যা না হত্যা সে বিষয়ে কিছু জানাতে পারেননি এসআই নজরুল।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে মিতার স্বামী সিরাজুল ইসলামকে।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, সোমবার রাত সাড়ে ৮টায় তিনজনকে হাসপাতালে আনা হয়। মিতা হাসপাতালে আনার পরই মারা যান। বাবন হাসপাতালে আনার আগেই মারা যায়। শ্রাবণকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রায় এক ঘণ্টা চিকিৎসার পর রাত সাড়ে ৯টার দিকে সে মারা যায়।
তিনি জানান, এখনও লাশের ময়না তদন্ত হয়নি। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
হোটেলের মালিক মাসুদ কুতুবী বলেন, দুই বছর আগে শহরের বাজারঘাটা এলাকার দিদার নামের এক ব্যক্তিকে হোটেলটি ভাড়া দিয়েছেন তিনি। এখন দিদারই হোটেল চালাচ্ছেন।
হোটেলের পরিচালক শামসুল আলম বাহাদুর বলেন, শ্রাবণ রাত সাড়ে ৮টার দিকে ছটফট করতে করতে হোটেলের অভ্যর্থনা কক্ষে এসে 'আমাদের বাঁচান' বলে চিৎকার করলে হোটেল কর্মচারীরা ছুটে যায় এবং দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৭৩০ ঘ.
bdnews24