নারায়ণগঞ্জ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ঘটনার পর আট বছর পেরিয়ে গেলেও প্রকৃত অপরাধীদের এখনও সনাক্ত করা সম্ভব হয়নি।
২০০১ সালের ১৬ জুন রাত ৮টা ৫০ মিনিটে আওয়ামী লীগ অফিসে তৎকালীন এমপি শামীম ওসমানের পূর্ব নির্ধারিত গণসংযোগ কর্মসূচি চলাকালে বোমা হামলায় ৪ নারীসহ ২০ জন নিহত এবং অর্ধ শতাধিক আহত হয়।
বিস্ফোরণের পরপর ঘটনাস্থল পরিদর্শকারী সেনা বিশেষজ্ঞ দল জানায়, যুদ্ধক্ষেত্রে ট্যাংক উড়িয়ে দেওয়ার মাইনের উপাদান ছিল বিস্ফোরিত ওই বোমায়।
আট বছরেও চাঞ্চল্যকর এ বোমা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় নিহতদের পরিবার ও আহতরা ক্ষোভ প্রকাশ করেছেন।
ওই ঘটনায় দায়ের করা মামলাটির পুনঃতদন্ত হচ্ছে।
বোমা হামলার পরদিনই নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বোমা হামলা ও হত্যার অভিযোগে নারায়ণগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। দুটি মামলাতেই বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারকে প্রধান আসামি করা হয়।
২০০২ সালের জুন মাসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির তৎকালীন এএসপি আমিনুল ইসলাম মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন।
বোমা হামলায় নিহত হালিমা বেগমের ছেলে রিকশাচালক কালাম বাদি হয়ে অপর একটি মামলা করেন। এ মামলায় আওয়ামী লীগ নেতা শামীম ওসমান, তার দুই ভাই নাসিম ওসমান ও সেলিম ওসমান, ভাতিজা আজমেরী ওসমানকে আসামি করা হয়। এ মামলা পরবর্তী সময়ে উচ্চ আদালত খারিজ করে দেয়।
পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর এই বোমা হামলার ঘটনা তদন্ত করলেও প্রকৃত অপরাধীদের সনাক্ত করতে পারেনি। কারা, কী উদ্দেশ্যে এ হামলা চালায় তা আজো উদঘাটিত হয়নি।
২০০৫ সালের অক্টোবর মাসে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি আব্দুল হান্নান র্যাবের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেছিল, আওয়ামী লীগ অফিসে বোমা হামলা ছিল তাদেরই কাজ।
এরপর গত ১০ মে মামলাটি পুনরায় তদন্তের জন্য সিআইডির সহকারী পুলিশ সুপার ইউসুফ আলী মোল্লা নারায়ণগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ২ জুন মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেয়।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জ শহর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বাপ্পী, নারায়ণগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সরকারি তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, তার ছোট ভাই বঙ্গবন্ধু নাট্য সংস্থার মশিউর রহমান মশু, যুবলীগ কর্মী স্বপন দাস, সবুজ মোল্লা, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ভাসানী, হোসিয়ারী ব্যবসায়ী নজরুল ইসলাম বাচ্চু, আওয়ামী লীগ কর্মী আব্দুল আলীম, হানিফ, কবি মোক্তার হোসেন, শুক্কুর মিয়া, কাজী এনায়েতউল্লাহ স্বপন, স্বপন দাস, সাত্তার, নিধুরাম বিশ্বাস, হালিমা বেগম, পলি বেগম, রাজিয়া বেগম ও অজ্ঞাত পরিচয়ের এক মহিলা।
বোমা হামলায় দুই পা হারিয়ে পঙ্গু জীবনযাপন করছেন কৃষকলীগের নেতা চন্দন শীল ও যুবলীগ নেতা রতন দাস। তারা এ ঘটনার জন্য দায়ীদের কঠোর শাস্তি দাবি করেন। নিহত আক্তার হোসেনের স্ত্রী সাহানা বেগমও অপরাধীদের কঠোর শাস্তি দাবি করেন।
নিহত কবি মোক্তার হোসেনের পরিবার বর্তমানে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছে। তার দুই ছেলে ইমন ও লিংকনের পড়ালেখা বন্ধ হয়ে গেছে।
আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের অকাল মৃত্যুতে তার স্ত্রী তিন নাবালক সন্তান নিয়ে অর্থকষ্টে দিন কাটাচ্ছেন।
আওয়ামী লীগ অফিসে বোমা হামলার এ ঘটনায় মঙ্গলবার নিহতদের স্মরনে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪৪৯ ঘ.
bdnews24