নারায়ণগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সোমবার এ অভিযান চালায় ।
ষষ্ঠ দিনের উচ্ছেদ অভিযানে শহরের পুরনো বাণিজ্যিক এলাকা নিতাইগঞ্জে নদীর তীরের জমিতে গড়ে তোলা দু'টি তিনতলা ভবনসহ ৭টি পাকা স্থাপনা ভেঙে দেওয়া হয়। এসব স্থাপনা নদীর প্রায় ২০ ফুট জমি দখল করেছিল।
ম্যাজিস্ট্রেট আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্ছেদ করা স্থাপনার মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ ফ্লাওয়ার মিল, রশিদ ফ্লাওয়ার মিল, শ্রী জগৎ হরি রায় চৌধুরীর বাড়ি, মোখলেছুর রহমানের রাইস মিল, মদিনা ফ্লাওয়ার মিল, ডিপটির বাড়ি এবং শীতলক্ষ্যা ফ্লাওয়ার মিল ও গুদামের বর্ধিত অংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৪৩ ঘ.
bdnews24