ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত সাত বছরে রেলখাতের উন্নয়নে উল্লেখ করার মতো কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে সরকার রেল লাইন তুলে ফেলে সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছে।
সচিবালয়ে সোমবার যোগাযোগমন্ত্রী তার কার্যালয়ে জাপানের রাষ্ট্রদূত মাশাউকি ইনোয়ের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে বলেন, জলপথের পরেই কম খরচে যাওয়া-আসা করা যায় ট্রেনে। তাই রেল লাইন তুলে ফেলার ঘটনা অত্যন্ত দুঃখজনক।
মন্ত্রী বলেন, জলপথ ও রেলপথে যোগাযোগ সস্তা হওয়ার পরও এই দুই খাতের উন্নয়নে গত সাত বছরে তেমন কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
তাই এ সরকার দায়িত্ব নেওয়ার পর জলপথ ও রেলপথের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বলে তিনি জানান।
সৈয়দ আবুল হোসেন বলেন, নদীর গভীরতা বাড়িয়ে নৌ-চলাচল সহজতর করা হবে। একই সঙ্গে রেলপথের উন্নয়ন ও আধুনিকায়নে উত্তরবঙ্গে চারটি নতুন প্রকল্প নেওয়া হয়েছে। এ বছরের মধ্যেই সরকার এসব প্রকল্পের কার্যাদেশও দেবে বলে তিনি জানান।
তিনি বলেন, এছাড়া সড়ক পথের উন্নয়নেও সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ঢাকা-চট্টগ্রাম চার লেনের কাজের জন্যও এ বছর কার্যাদেশ দেওয়া হবে।
পদ্মা সেতুর অর্থায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে এরই মধ্যে জাপান সরকার বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী নিজেই জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন বলে তিনি জানান।
জাপান আরো বেশি আর্থিক সাহায্য দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আবুল হোসেন বলেন, এ সরকারের সময়ই পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করে তা জনগণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24