২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিত্রনায়ক মান্নার মৃত্যু নিয়ে মামলায় ছয় চিকিৎসকের জামিন

'চিকিৎসায় অবহেলা'র কারণে চিত্রনায়ক আসলাম তালুকদার মান্নার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসককে ঢাকার একটি আদালত জামিন দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 05:17 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'চিকিৎসায় অবহেলা'র কারণে চিত্রনায়ক আসলাম তালুকদার মান্নার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসককে ঢাকার একটি আদালত জামিন দিয়েছে। এক নম্বর বিশেষ জজ ফিরোজ আলমের আদালতে সেমাবার এই ছয় চিকিৎসক হাজির হয়ে জামিন চাইলে তিনি জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী ২৮ জুলাই মামলার অভিযোগ গঠন নিয়ে শুনানির দিন নির্ধারণ করা হয়। জামিন পাওয়া চিকিৎসকরা হলেন মো. এনায়েত হোসন শেখ, জহিরুদ্দিন মাহমুদ ইলিয়াস, মোমেনুজ্জামান, খন্দকার মাহবুব হোসাইন, ফাতেমা ও মাইনুল ইসলাম মজুমদার। এ সময় আদালতে মান্নার স্ত্রী শেলী কাদের উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি জাহাঙ্গীর হোসেন দুলাল। আসামি পক্ষে ছিলেন সৈয়দ রেজাউর রহমান। গত বছরের ১৭ ফেব্র"য়ারি ভোর ৪টায় হৃদযন্ত্রে ব্যথা অনুভব করলে মান্নাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি মারা যান। সঠিক সময়ে চিকিৎসা না দেওয়ায় মান্নার মৃত্যু হয়েছে অভিযোগ করে তার স্ত্রীর বড়ভাই রেজা কাদের হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/টিআর/এইচএ/২৩২০ ঘ.