ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রেতাদের বিদেশি পণ্যপ্রীতির কারণে প্রতি বছর দেশি উদ্যোক্তারা দেশেই ৬ থেকে ৮ হাজার কোটি টাকার বৈদ্যুতিক সামগ্রীর বাজার হারাচ্ছে বলে জানিয়েছেন বিমা'র সাবেক সভাপতি এনায়েত হোসেন চৌধুরী।
তৃতীয় বাংলাদেশ বৈদ্যুতিক পণ্য মেলা উপলক্ষ্যে সোমবার এক সংবাদ সম্মেলন শেষে তিনি এ তথ্য জানান।
দেশি বৈদ্যুতিক শিল্পোদ্যাক্তাদের সংগঠন বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফাকচারার্স এসোসিয়েশনের (বিমা) সাবেক সভাপতি বলেন, বাংলাদেশে বছরে ২০ হাজার কোটি টাকার বৈদ্যুতিক পণ্য বিক্রি হয়ে থাকে। তবে ১২ থেকে ১৪ হাজার কোটি টাকার বাজার ধরে রেখেছে দেশি কোম্পানিগুলো। আর বাকি ৬ থেকে ৮ হাজার কোটি টাকার পণ্য বিদেশে আমদানি করা হয়।
তিনি বলেন, "এ খাতে রপ্তানি বাড়ছে। আগামী ২/৪ বছরের মধ্যেই বৈদ্যুতিক শিল্প খাত থেকে ভাল রপ্তানি আয় অর্জিত হবে। তৈরি পোশাকের তুলনায় এ খাতের রপ্তানি এখনও অনেক কম। তবে এই খাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশি বাজারের চাহিদা পূরণ করা।"
কিছুটা ক্ষোভের সঙ্গে এনায়েত হোসেন চৌধুরী বলেন, "অনেক দেশি ক্রেতা বিদেশি পণ্যের খোঁজ করেন। তারা সমমান বা তার চেয়ে উন্নতমানের দেশির বদলে বেশি দাম দিয়ে বিদেশি পণ্য কিনছেন।"
ক্রেতাদের বিদেশি পণ্য কেনার মানসিকতাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী দেশি পণ্যের গায়ে ভুয়া স্টিকার লাগিয়ে বিদেশি পণ্য হিসেবে বিক্রি করছে বলে অভিযোগ করে তিনি বলেন, এর ফলে নষ্ট হচ্ছে দেশি ব্র্যান্ড তৈরির সম্ভাবনা।
আবার কিছু কিছু ব্যবসায়ী কম মূল্য দেখিয়ে (আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে) বিদেশি পণ্য আমদানি করে দেশি পণ্যের বাজার নষ্ট করছে বলে তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, "কোন একটি পণ্যের ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং-এর মাধ্যমে আমদানি করা হলে প্রতিটির দাম পড়ে ১৭ টাকা। মানসম্মত দেশি পণ্যের মূল্য ৮০ থেকে ৯০ টাকা। আবার খুচরা বাজারে সেই বিক্রেতারা ওই পণ্যকে বিদেশি পণ্য বলে ১১০ থেকে ১২০ টাকা দামে বিক্রি করছে।"
এসব বন্ধ করতে পারলে দেশি উদ্যোক্তারা দেশের বাজার দখল করতে পারবে না বলে উল্লেখ করে তিনি বলেন, তবে এজন্য ক্রেতাদের দেশি পণ্য কেনার মানসিকতা গড়ে তুলতে হবে।
দেশেই এখন অনেক মানসম্মত পণ্য তৈরি হয় বলে তিনি দাবি করেন।
বিমার বর্তমান সভাপতি নাসিম উল্লাহ হেমায়েত জানান, মধ্যপ্রাচ্যে এখন প্রচুর পরিমাণে বাংলাদেশের সুপার এনামেল কপার ওয়্যার রপ্তানি হচ্ছে। এছাড়া কয়েকটি কোম্পানি কেব্লও রপ্তনি করছে। ইউরোপেও স্বল্প পরিমাণে কেব্ল রপ্তনি হচ্ছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সাবস্টেশন সংক্রান্ত যন্ত্রপাতি রপ্তানির প্রচুর সম্ভাবনা রয়েছে। লিবিয়া ও ওমানে কয়েকটি কোম্পানির সঙ্গে সাব-স্টেশন যন্ত্রপাতি সরবরাহের ব্যাপারে চুক্তিও সই হয়েছে।
আবার অবৈধভাবে ভারতের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যে প্রচুর পণ্য পাচার হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
বাংলাদেশ এনার্জি সেভিংস বাল্ব আমদানি করছে বলে উল্লেখ করে তিনি বলেন, দেশি কয়েকটি কোম্পানি কানাডায় এনার্জি সেভিংস বাল্ব রপ্তানি করছে। আগামীতে এ ধরনের বাল্বের শতকরা ৮০ ভাগ দেশে তৈরির সম্ভাবনা রয়েছে।
এনার্জি সেভিংস টিউব তৈরির জন্য একটি গ্লাস কোম্পানির সঙ্গে কয়েকটি প্রতিষ্ঠানের চুক্তিও সই হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/এইচএ/২০১৩ ঘ.
bdnews24