ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যের পাঠ্যবই ছাপা ও বিতরণ কাজ পর্যবেক্ষণে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও শিক্ষক নেতা মো. আখতারুজ্জামানের নেতৃত্বে এ কমিটিতে শিক্ষাবিদ, সাংবাদিক, আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের সদস্য হিসেবে রাখা হয়েছে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা জানানো হয়।
বিনামূল্যের পাঠ্যবই ছাপা ও বিতরণে নানা অনিয়মের অভিযোগ ওঠায় ভবিষ্যতে তা এড়াতেই এ কমিটি করা হলো।
তবে কমিটির প্রধান অধ্যাপক মো. আখতারুজ্জামান রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে এখনও আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। চিঠি পাওয়ার পর কর্মপরিধি দেখে কাজ শুরু করবো।"
কমিটির অন্য সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক আজিজ আহমেদ চৌধুরী, ঢাকা বিভাগীয় কমিশনারের একজন প্রতিনিধি (উপ-কমিশনার পদমর্যাদার), র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন), আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব কমিটির চেয়ারম্যান, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক কফিল উদ্দিন আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, প্রাথমিক ওগণশিক্ষা অধিদপ্তরের উপসচিব মো. আবুল কাশেম ভূইয়া, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (কারিগরি-১) মো. আলেফউদ্দিন।
এর আগে মো. আখতারুজ্জামানের নেতৃত্বে নিম্ন মাধ্যমিক (ষষ্ঠ থেকে অষ্টম) ও মাধ্যমিক (নবম থেকে দশম শ্রেণী) স্তরের শিক্ষার্থীদের যথাসময়ে পাঠ্যবই প্রাপ্তি নিশ্চিত করতে আরেকটি কমিটি গঠন করেছিল সরকার।
ওই কমিটি মাধ্যমিক স্তরে বিনামূল্যে বই দেওয়াসহ বিভিন্ন ধরনের সুপারিশ করে শিক্ষামন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদনের আলোকে ইতোমধ্যে প্রাথমিকের মতো মাধ্যমিক স্তরেও বিনামূল্যে বই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০০৯-১০ অর্থবছরের বাজেটে মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বই বিতরণের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এমআই/১১১৫ ঘ.
bdnews24