২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির আমদানি শুল্ক কমানোর দাবি ব্যবসায়ীদের

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে গাড়ির ওপর শুল্ক অনেক বেশি ধরা হয়েছে দাবি করে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীরা। আমদানি করা গাড়ির শুল্ক কাঠামো পুনর্বিন্যাসের ক্ষেত্রে নিজেদের একটি সুপারিশও তুলে ধরেছে তারা। গাড়ি আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) রোববার প্রস্তাবিত বাজেটের বিষয়ে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 10:40 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে গাড়ির ওপর শুল্ক অনেক বেশি ধরা হয়েছে দাবি করে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীরা। আমদানি করা গাড়ির শুল্ক কাঠামো পুনর্বিন্যাসের ক্ষেত্রে নিজেদের একটি সুপারিশও তুলে ধরেছে তারা। গাড়ি আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) রোববার প্রস্তাবিত বাজেটের বিষয়ে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়। প্রস্তাবিত বাজেটে যানবাহনের মূল্য থেকে ডিলারস কমিশন ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, পাঁচ শতাংশ হারে রেগুলেটরি শুল্ক আরোপ এবং অ্যাডভান্স ট্রেড ভ্যাট দেড় শতাংশ থেকে ২ দশমিক ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া বর্তমানের সিসি স্ল্যাবের পরিবর্তে নতুন করে সিসি স্ল্যাব পুর্ণবিন্যাসের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতায় বলেন, রাজস্ব আদায় বাড়ানো এবং বিলাসবহুল যানবাহন আমদানি নিরুৎসাহিত করতে প্রস্তাবিত বাজেটে বিলাসবহুল পণ্য হিসেবে মোটরগাড়ির ওপর সম্পূরক শুল্কহার বৃদ্ধি এবং শুল্ককাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে। হোটেল শেরাটনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বারভিডার সভাপতি মো. হাবিব উল্লাহ বলেন, "ছোট গাড়ি, মাইক্রোবাস কখনোই বিলাসবহুল গাড়ি হতে পারে না। ৩ থেকে ৪ হাজার সিসির ওপরের গাড়ি বিলাসবহুল। সরকার চাইলে বিলাসবহুল হিসেবে এ সব গাড়ির ওপর উচ্চ শুল্ক আরোপ করতে পারে।" তিনি বলেন, "বাজেটের আগে শুল্ককর বাড়ানোর ব্যাপারে অর্থমন্ত্রী আমাদের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সেটা যে এতো ভয়াবহ আকারে বাড়বে এবং ব্যবসা বন্ধের উপক্রম হবে তা আমরা বুঝতে পারিনি।" বারভিডার মহাসচিব মাহবুবুল হক চৌধুরী বলেন, "আগামী অর্থবছরের জন্য ১০০০ সিসি পর্যন্ত কার ও জিপের জন্য ১০১ দশমিক ৫৩ শতাংশ হারে শুল্ককর আরোপের প্রস্তাব করা হয়েছে। যা চলতি অর্থবছরের চেয়ে ২৩ দশমিক ৫৫ শতাংশ বেশি।" তিনি জানান, ১০০১ থেকে ১৫০০ সিসির কার ও জিপের ক্ষেত্রে ৪৬ দশমিক ৪৬ শতাংশ বাড়িয়ে ১২৪ দশমিক ৪৪ শতাংশ, ১৫০১ থেকে ২০০০ সিসি পর্যন্ত ৭২ দশমিক ১৪ শতাংশ বাড়িয়ে ২০৮ দশমিক ৪৪ শতাংশ, ২০০১ সিসি থেকে ২৭৫০ সিসি পর্যন্ত ২৪২ দশমিক ৮৮ শতাংশ বাড়িয়ে ৪৩৭ দশমিক ৫১ শতাংশ এবং ২৭৫০ সিসির উর্ধ্বে ৩৯৫ দশমিক ৬০ শতাংশ বাড়িয়ে ৫৯০ দশমিক ২৩ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে সিডান কারের মধ্যে ১৩০০ সিসির টয়োটা প্রোবক্সে ২ লাখ ৬৮ হাজার, ১৫০০ সিসির টয়োটা করোলা এক্স/জি তে ৩ লাখ ৯৩ হাজার, ১৫০০ সিসির টয়োটা ফিল্ডারে ৪ লাখ ১২ হাজার, ১৫০০ সিসির টয়োটা এলিয়নে ৪ লাখ ৩৭ হাজার এবং ১৫০০ সিসির টয়োটা প্রিমিওতে ৪ লাখ ৪১ হাজার টাকা অতিরিক্ত শুল্ককর দিতে হবে। জিপের মধ্যে ২৪০০ সিসির টয়োটা র‌্যাভ ফোরে ২১ লাখ ৫ হাজার, ২৭০০ সিসির টয়োটা প্রাডোতে ৩৩ লাখ ৫১ হাজার এবং ৩০০০ সিসির মিৎসুবিসি প্যাজেরোতে ৫৫ লাখ ৩৭ হাজার টাকা অতিরিক্ত শুল্ককর দিতে হবে। ১৮০০ সিসি পর্যন্ত মাইক্রোবাসের জন্য ২৩ দশমিক ৫৫ শতাংশ বাড়িয়ে ১০১ দশমিক ৫৩ শতাংশ এবং ১৮০০ সিসির উর্দ্ধে ৭২ দশমিক ১৪ শতাংশ বাড়িয়ে ২০৮ দশমিক ৪৪ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এরফলে ১৮০০ সিসির টয়োটা ডিএক্স/জিএল মাইক্রোবাসে ২ লাখ ১০ হাজার টাকা, ২০০০ সিসির টয়োটা নোহা/ভক্সি মাইক্রোবাসে ৭ লাখ ৯৬ হাজার এবং ২০০০ সিসির টয়োটা হাইএস মাইক্রোবাসের জন্য ১ লাখ ৩১ হাজার টাকা অতিরিক্ত শুল্ককর দিতে হবে। এছাড়া ১৮০০ সিসির টয়োটা ১ টন পিকআপে ৮১ হাজার টাকা, ২০০০ সিসির টয়োটা দেড় টন পিকআপে ১ লাখ ৭ হাজার টাকা, ২৭০০ সিসির টয়োটা ২ টন পিকআপে ৪৯ হাজার টাকা এবং ৭০০ সিসির ডাইহাটশু ৩৫০ কেজির পিকআপে ৫০ হাজার টাকার অতিরিক্ত শুল্ককর দিতে হবে। সরকার নতুন করে যে সিসি স্ল্যাব পূর্ণবিন্যাস করেছে তা বাতিল করে কার ও জিপের জন্য আগের স্ল্যাব অনুযায়ী সম্পুরক শুল্ক পুনর্র্নিধারণ করার প্রস্তাব করেছে বারভিডা। মাহবুবুল হক বলেন, "১৫০০ সিসি পর্যন্ত ৩০ শতাংশ, ১৫০১ থেকে ২০০০ সিসি পর্যন্ত ৪৫ শতাংশ, ২০০১ থেকে ২৫০০ সিসি পর্যন্ত ৬০ শতাংশ, ২৫০১ থেকে ৩০০০ সিসি পর্যন্ত ১০০ শতাংশ এবং ৩০০১ সিসির উর্দ্ধে ২৫০ শতাংশ নির্ধারণ করা হোক।" বাজেট ঘোষণাব আগে আমদানি করা গাড়ি নতুন দামে বিক্রি করা হবে কি না- জানতে চাইলে বারভিডা সভাপতি হাবিব উল্লাহ বলেন, "আমরা চাইলেই বেশি দামে বিক্রি করতে পারবো না। এখন ক্রেতা- বিক্রেতার মধ্যে অস্থিরতা চলবে।" বাজেট ঘোষণার আগে আনা কত গাড়ি ডিলারদের কাছে মজুদ আছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "বাজেটের আগে প্রচুর গাড়ি বিক্রি হয়েছে। এখন যেগুলো আছে তার বেশিরভাগই বিক্রিত গাড়ি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/এমআই/১৬৪৮ ঘ.