চট্টগ্রাম, জুন ১৪ (বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় ১০ ঘণ্টা ধরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাব উদ্দিন।
চট্টগ্রাম মহানগর হাকিম মাহবুবুর রহমানের খাস কামরায় শনিবার বিকেল সাড়ে ৪টায় তিনি জবানবন্দি দেওয়া শুরু করেন।
রাত আড়াইটা পর্যন্ত জবানবন্দি নেওয়ার পর সাহাবকে পুনরায় কারাগারে ফিরিয়ে নিতে দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মিন্টু চৌধুরী।
আদালত কর্মকর্তারা জানান, সাহাবের মোট ৩১ পৃষ্ঠার জবানবন্দি নথিভুক্ত করা হয়েছে।
সাহাব এনএসআই'র সাবেক দুই মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনের জড়িত থাকার বিষয়ে আরও বিস্তারিত তথ্য দিয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে গত ১৫ মে সাবেক এই এনএসআই কর্মকর্তা সিইউএফএল জেটিতে ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা অস্ত্র মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। এবার দিলেন একই ঘটনায় দায়ের করা চোরাচালান মামলায়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৃতীয় দফায় চারদিন জিজ্ঞাসাবাদ শেষে সাহাব উদ্দিন অস্ত্র চোরাচালান মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন।
১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় গত ৩ জুন সাহাবকে তৃতীয় বারের মতো চারদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। গত ৯ জুন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিআইডি'র কর্মকর্তারা। শুক্রবার জিজ্ঞাসাবাদের শেষদিন তিনি চোরাচালান মামলায় আদালতে জবানবন্দি দিতে রাজি হন।
এর আগে তার ১৫ মে'র জবানবন্দির প্রেক্ষিতে এনএসআই'র সাবেক দুই মহাপরিচালক আবদুর রহিম ও রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং সাবেক উপ-পরিচালক লিয়াকত হোসেনকে গ্রেপ্তার করা হয়।
২ মে গভীর রাতে ঢাকার গ্রিন রোডের বাসা থেকে সিআইডি পুলিশ সাহাবকে গ্রেপ্তার করে।
২০০৪ সালের ১ এপ্রিল মধ্য রাতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) এর সংরক্ষিত জেটি ঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র চালানটি আটক করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/ ১২৩২ ঘ.
bdnews24