২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা সদস্যের মামলা

প্রকল্প কাজে চাঁদা না দেওয়ায় ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হকের বিরুদ্ধে মহিলা ইউপি সদস্যকে মারধর করার অভিযোগে থানায় মামলা হয়েছে। শুক্রবার কসবা থানায় মামলাটি করেন ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য হাসনা আক্তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 02:49 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রকল্প কাজে চাঁদা না দেওয়ায় ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হকের বিরুদ্ধে মহিলা ইউপি সদস্যকে মারধর করার অভিযোগে থানায় মামলা হয়েছে। শুক্রবার কসবা থানায় মামলাটি করেন ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য হাসনা আক্তার। হাসনা অভিযোগ করেন, তিনি চলতি অর্থবছরে ৩৫ হাজার টাকা ব্যয়ে একটি কালভার্ট মেরামত কাজের বরাদ্দ পেয়ে প্রায় ৮০ শতাংশ কাজ শেষ করেন। গত ৩ জুন সকাল ৯টার দিকে ইউপি চেয়ারম্যান আবদুল হক কালভার্ট পরিদর্শন করতে যান এবং কাজ ভাল না হওয়ার অজুহাতে তার কাছে ১০ হাজার টাকা ঘুষ চান। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে চেয়ারম্যান আবদুল হকসহ অজ্ঞাতনামা ৭/৮ জন কালভার্ট ভাঙচুর করে এবং ৫ বস্তা সিমেন্ট ও ৪০ কেজি রড নিয়ে যায়। বাধা দিলে তারা তাকে কিল-ঘুষি মারে এবং লাঠিপেটা করে। বিষয়টি কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে হাসনা মামলার এজাহারে উল্লেখ করেন। হাসনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচিত সদস্য হয়েও চেয়ারম্যান আবদুল হকের কাছে নারী হিসেবে কোনো মর্যাদা পাইনি। উনি সব সময়ই অত্যাচার করে আসছেন। চাঁদাবাজি করা তার স্বভাবে পরিণত হয়ে গেছে।" ওই ইউনিয়ন পরিষদের সদস্য মমিনুল হক ও মর্তুজা আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের চেয়ারম্যান একজন দাঙ্গাবাজ ব্যক্তি। তার লাঠিয়াল বাহিনীর ভয়ে কেউ কথা বলতে সাহস পায় না। নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন প্রকল্প নিয়ে অন্যদের হয়রানি করে আসছেন। চেয়ারম্যান আবদুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, "আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/ডিডি/এমএসবি/২০৫২ ঘ.