২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া আবার শুরু,কমিটি গঠন

প্রায় চার বছর বন্ধ থাকার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আবারও এমপিওভুক্ত (বেতন-ভাতা বাবদ সরকারি অনুদান) করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার নেতৃত্বে শনিবার দশ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 11:31 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রায় চার বছর বন্ধ থাকার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আবারও এমপিওভুক্ত (বেতন-ভাতা বাবদ সরকারি অনুদান) করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার নেতৃত্বে শনিবার দশ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০০৯-১০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা প্রতিষ্ঠানের নতুন এমপিওভুক্তি বাবদ ১১২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন। সুবোধ চন্দ্র ঢালী বলেন, "এমপিওভুক্তির বিদ্যমান নীতিমালা পর্যালোচনা এবং নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার বিষয়ে খসড়া নীতিমালা প্রণয়নের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদের নেতৃত্বে দশ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনে এ কমিটি আরো সদস্য কো-অপ্ট করতে পারবে।" তিনি জানান, এ কমিটি এমপিও প্রদানের বিদ্যমান নীতিমালা পর্যালোচনা করে একে আরও ফলপ্রসু করা এবং নতুন প্রতিষ্ঠানের এমপিওভুক্তির বিষয়ে সুপারিশ করবে। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটির সুপারিশ পেশ করার কথা রয়েছে বলেও জানান তিনি। কমিটির অন্য সদস্যরা হলেন, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, অধ্যক্ষ শাহ আলম, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কলেজ) মাইন উদ্দিন খন্দকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নিতাই চন্দ্র সূত্রধর, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউসুফ, জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্টের সমন্বয়কারী (বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ) অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, শিক্ষক নেতা আব্দুল আউয়াল সিদ্দিকী ও জাতীয় শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) পরিচালক আহসান আব্দুল্লাহ। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ২০০৫ সাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি স্থগিত হয়ে আছে। ওই কর্মকতা জানান, এমপিওভুক্তির বিষয়ে কয়েক হাজার আবেদন জমা পড়লেও স্থগিত থাকার কারণে সেটি করা সম্ভব হয়নি। এরমধ্যে অনেক আবেদন আছে যেগুলো এমপিওভুক্ত হওয়ার যোগ্য। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সাংসদরা শিক্ষামন্ত্রীর কাছে এমপিওভুক্তির বিষয়ে বারবার প্রশ্ন করলে তিনি জবাবে একই কথা বলেন, "বাজেটের আগে তা সম্ভব নয়। কারণ এ বিষয়ে বরাদ্দ নেই।" নিয়ম অনুযায়ী একটি বেসরকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর প্রথমে পাঠদানের অনুমতি দেওয়া হয়, এরপর একাডেমিক স্বীকৃতি। তারপর শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থী ও শিক্ষকদের যোগ্যতা দেখে এমপিওভুক্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/আরএ/এইচএ/১৭৩০ ঘ.