সাতক্ষীরা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার কলারোয়া উপজেলার রুদ্রপুর সীমান্তে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী- বিএসএফর গুলিতে শুক্রবার সকালে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত সাঈদুর রহমান উপজেলার চন্দনপুর গ্রামের জহিরউদ্দীন ওরফে জাকারিয়ার ছেলে। ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিডিআর'র ৪১ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর শামীম রেজা।
তিনি বলেন, সীমান্তের ৪০০ গজ দূরে ভারতের ভিতরে এ ঘটনা ঘটেছে।
মেজর শামীম জানান, গরু রাখাল সাঈদুরসহ ১০/১২ জনের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়ার রুদ্রপুর সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যায়। শুক্রবার সকালে গরু নিয়ে দেশে ফেরার সময় ভারতের তেঁতুলবাড়িয়া ক্যাম্পের বিএসএফ টহল দল তাদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় সাঈদুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানা পুলিশ নিহতের লাশ সীমান্ত এলাকা থেকে নিয়ে যায়।
বিডিআর এর পক্ষ থেকে লাশ ফেরত চেয়ে বিএসএফ'র কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানান মেজর শামীম রেজা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৫৪৬ ঘ.
bdnews24