সাভার, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায় বৃহস্পতিবার রাতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে।
মুখোশ পরা ডাকাতরা বাড়িতে থাকা ব্যবসায়ী আতিকুজ্জামান রানার বৃদ্ধা মাকে মারধর করে বেঁধে রেখে ৬০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
সাভার থানার উপ-পরিদর্শক ইমামুজ্জামান জানান, রাত ৯টার দিকে ৭/৮ জন মুখোশ পরা ডাকাত গেটের তালা ভেঙে বাসায় ঢোকে। এ সময় বাসায় আতিকুজ্জামান রানার মা ছাড়া আর কেউ ছিল না। ডাকাতরা তার মাথায় আঘাত করে অচেতন করে রাখে। এরপর আলমিরার তালা ভেঙে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।
ইমামুজ্জামান বলেন, কিছুক্ষণ পর তাদের গৃহকর্মী মালেকা বেগম এসে বৃদ্ধার মাথায় পানি দিয়ে সুস্থ করে তোলেন। এরপর তার কাছে বিস্তারিত শুনে থানায় খবর দেন।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ কর্মকর্তা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৭ ঘ.
bdnews24