ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিলখানা হত্যাযজ্ঞ মামলায় নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে জিজ্ঞাসাবাদে নেওয়ার জন্য আবেদনের শুনানি আগামী মঙ্গলবার ধার্য করেছে ঢাকার একটি আদালত।
তাকে সাতদিনের জন্য জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়।
মহানগর হাকিম মুমিনুল হাসানের আদালতে বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আব্দুল কাহার আকন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
শুনানির তারিখ ধার্য করে আদলত পিন্টুকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এর আগে তাকে দুই দফায় ৮ দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
পিন্টুর আইনজীবীরা আদালতে বলেন, দুই দফা জিজ্ঞাসাবাদ করায় পিন্টু এখন ক্লান্ত ও অসুস্থ। তিনি বসতে পারছেন না। দাঁড়িয়েও থাকতে পারছেন না। তার বিশ্রামের প্রয়োজন। এজন্য জিজ্ঞাসাবাদের আবেদনের শুনানি কয়েকদিন পিছিয়ে দেওয়ার আবেদন জানান তারা।
এ সময় আইনজীবী সানাউল্লাহ মিয়া পিন্টুকে কারাগারে প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার আবেদন জানান। হাকিম কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য কারা-কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
সানাউল্লাহ মিয়া অভিযোগ করেন, আগের দফায় জিজ্ঞাসাবাদ করার সময় পিন্টুকে বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে তার কাছ থেকে একটি সাদা কাগজে সই নেওয়া হয়।
দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দ বিডিআর বিদ্রোহের ঘটনায় পিন্টুর বিরুদ্ধে বিদ্রোহে মদদ, বিদ্রোহীদের সমর্থনে মিছিল বের করতে উৎসাহ প্রদান ও বিদ্রোহী জওয়ানদের পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগ আনেন।
আবেদনে সামরিক বাহিনীর কর্মকর্তাদের হত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ বিভিন্ন অপকর্মে বিদ্রোহীদের ইন্ধন যোগানোর অভিযোগও আনা হয়।
গত ২৭ মে প্রকাশিত সরকারি তদন্ত কমিটির প্রতিবেদনে বিডিআর বিদ্রোহীদের পালিয়ে যাওয়ার ব্যাপারে সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু জড়িত রয়েছেন বলে উল্লেখ করা হয়।
এদিকে একই আদালতে নতুন গ্রেপ্তার বিডিআর সদস্য সিপাহি ইমরান চৌধুরীকে দশদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার আবেদন জানান তদন্ত কর্মকর্তা।
আদালত ছয়দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/টিআর/১৮০৫ ঘ.
bdnews24