চট্টগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার জন্য উস্কানি দেওয়ার অভিযোগে শিবির ক্যাডার নাছির উদ্দিন ওরফে শিবির নাছিরসহ ৮ বন্দিকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়েছে।
চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা জানান, তাদের কুমিল্লা ও সিলেট কারাগারে নেওয়া হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে অত্যন্ত গোপনে তাদের নিয়ে যাওয়া হয়। সকালের আগেই তারা কুমিল্লা ও সিলেটে পৌঁছায়।
চট্টগ্রাম কারাগারের পরিস্থিতি বর্তমানে পুরোপুরি শান্ত রয়েছে বলে তিনি জানান।
সোহেল রানা বলেন, ডিআইজি (কুমিল্লা) ফজলুর রহমানের উপস্থিতিতে বন্দিদের স্থানান্তর করা হয়।
কারাগারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, শিবির নাছিরসহ শামীম, আজম ও বাঘা শফিউলকে কুমিল্লা কারাগারে এবং গলাকাটা রশিদ, ঢাকাইয়া আকবর, সোলায়মান, তসলিমউদ্দিন মন্টুকে সিলেট কারাগারে পাঠানো হয়েছে।
কিছুদিন আগে শিবির ক্যাডার নাছির ও তার অনুসারী কিছু বন্দি কারাগারের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/টিআর/০১৫২ ঘ.
bdnews24