নীলফামারী, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিষাক্ত খাবার খেয়ে নীলফামারী শহরের মার্কাস মসজিদ পাড়ায় বুধবার সকালে ১১ জন সংজ্ঞাহীন হওয়ার খবর পাওয়া গেছে। তাদের আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থরা হলেন- শাহিন (২৫), মন্নুজান (৩০), মোক্তার হোসেন (১০), হাসিনা বেগম (৪০), রুবেল (১৮), রুমা (১৬), শারমিন (১৩ সামিনা (৩৫), সাথি (২৮), শিউলি (২০) ও মাজেদুল ইসলাম (৫০)।
এদের মধ্যে মাজেদ আলী ও সাথিকে অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে পুলিশ গ্রেপ্তার করেছে।
অসুস্থদের বরাত দিয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, রংপুর ধাপ চিকলিভাটা এলাকার মাজেদুল ইসলামের পুর্ব পরিচিত হলেন ইদ্রিস আলী। মাজেদ ও তার স্ত্রী সাথি বেগম রোববার বিকেলে ইদ্রিস আলীর বাড়িতে বেড়াতে আসেন। বুধবার সকালে ইদ্রিস আলী ও শুকারুর পরিবারের লোকজন চানাচুর ও বিস্কুট খাওয়ার পর থেকে শুরু হয় পাতলা পায়খানা ও বমি। কিছুক্ষণ পরে তারা সংজ্ঞা হারিয়ে ফেলে।
পুলিশ কর্মকর্তা বলেন, "অন্যদের সঙ্গে মাজেদুল ইসলাম ও তার স্ত্রী সাথি বেগমও জ্ঞান হারানোর ভান করে হাসপাতালে ভর্তি হয়। প্রাথমিক তদন্তে তারা অজ্ঞান পার্টির সদস্য বলে প্রমাণ পাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।"
নীলফামারী সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ধুতুরার রস অথবা বিষাক্ত খাবার খাওয়ার কারণে তারা অসুস্থ হয়েছে। তাদের চিকিৎসা চলছে। আশা করছি সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারবে।"
প্রতিবেশীরা জানান, ইদ্রিস আলী ও শুকারুর পরিবারের লোকজন সকালে বমি করতে থাকে। এরপর তারা সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তারা তাদের নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
গৃহকর্তা ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকালে নাস্তার সময় চানাচুর ও বিস্কুট খাওয়ার কিছুক্ষণ পরেই তারা বমি করা শুরু করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/ডিডি/২১২৮ ঘ.
bdnews24