২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বিশেষ অভিযান আবার জোরদার হয়েছে

ঝিমিয়ে পড়া পুলিশের বিশেষ অভিযান বুধবার থেকে আবার জোরদার করে তোলা হয়েছে। রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে বুধবার ঢাকা মহানগরের মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় একথা জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 02:08 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিমিয়ে পড়া পুলিশের বিশেষ অভিযান বুধবার থেকে আবার জোরদার করে তোলা হয়েছে। রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে বুধবার ঢাকা মহানগরের মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় একথা জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক। এর আগে রাজধানীতে হঠাৎ বেড়ে যাওয়া অপরাধ দমনে ১৪ মে শুরু করা হয় পুলিশ ও র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান। এসময় পুলিশের গুলিতে ২ জন সন্দেহভাজন ছিনতাইকারি নিহত হয়। আহত হয় ২০ জন। এই অভিযান চলে মে মাসের অবশিষ্ট দিনগুলো ধরে। পুলিশ কমিশনার বলেন, অভিযানকালে মহানগরীর বিভিন্ন স্থানে নিরাপত্তা চৌকি স্থাপন করে সন্দেহভাজন গাড়ি ও ব্যক্তির দেহ তল্লাশি করা হবে। বিশেষ অভিযান একটি নির্দিষ্ট সময় ধরে চালানো হয়, তবে এর কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে বলে তিনি জানান। গত মাসে পুলিশের গুলিতে সন্দেহভাজন অপরাধীদের মৃত্যু ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, "ছিনতাই বেড়ে যাওয়ায় পুলিশ তা 'কাউন্টার' করেছে।" মে মাসে ঢাকা মহানগরে মোট ২২ জন খুন হয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, এসময় ২ হাজার ৩৯৪টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ গেপ্তার করেছে মোট ৭ হাজার ৪৭৭ জনকে। এছাড়া ২৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২৬টি চোরাই গাড়ি ও ৭টি গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/২০১৫ ঘ.