ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক থেকে সহযোগী অধ্যাপক পর্যন্ত ১৩৮৮ জন শিক্ষককে সোমবার পদোন্নতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভায় শিক্ষকদের পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
যুগ্ম সচিব মাইন উদ্দিন খন্দকার (কলেজ) সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে ৬৭০ জন, সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে ৬০৬ জন এবং সহযোগী থেকে অধ্যাপক পদে ১১২ জন শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়েছে।
যাদের বিভিন্ন কারণে পদোন্নতি দেওয়া যায়নি আগামী দুই মাসের মধ্যে তাদের পদোন্নতির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/২৩৩২ঘ.
bdnews24